সাকিবের শহর মাগুরায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে বিসিবি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় সাকিবের জন্মশহর মাগুরার সচেতন মানুষ বেশ নাখোশ।
শাস্তির বিষয়টি শহরের কেউ ভালোভাবে মেনে নিতে পারেননি। চায়ের দোকান থেকে শুরু করে দুদিন ধরে মাগুরার সব খানেই সাকিবের শাস্তি নিয়ে আলোচনা। ক্ষোভের বশে সাকিব যে আচরণ করেছেন, সর্বমহলে তা গ্রহণযোগ্য হয়তো হয়নি। তবে বিসিবির হঠাৎ করে দেওয়া এই কঠিন শাস্তি মাগুরাবাসীকে ক্ষুব্ধ করেছে। তাদের চোখে বিসিবির এই সিদ্ধান্ত বাড়াবাড়ি এবং লঘু অপরাধে গুরুদণ্ড। অনেকেই বিশ্বসভায় দেশের ক্রিকেটকে উঁচু আসনে নিয়ে যাওয়ার নায়ক সাকিব আল হাসানের শাস্তি মওকুফ বা কমানোর দাবি জানিয়েছেন। মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজি মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিসিবি যা ভালো মনে করেছে তাই করেছে। তবে যেহেতু আপিলের সুযোগ আছে, আশা করছি সেখানে বিসিবি নমনীয় হবে।’
কণ্ঠশিল্পী হাসিয়ারা হাসি বলেন, ‘আমাদের সন্তান সাকিব যেমন আমাদের গর্ব, তেমনি দেশেরও গর্ব। সন্তান ভুল করতেই পারে, তাই বলে আমরা তার এত বড় শাস্তি মেনে নিতে পারি না। আমরা আশা করছি, বিসিবি তাঁর শাস্তি কমাবে।’
এক ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক পীযূষ বসাক বলেন, ‘সাকিব যদি অন্যায় করে থাকে তাহলে বিসিবিও এর দায় এড়াতে পারে না। আমরা সাকিবের অন্যায়কে সমর্থন করব না। তবে হঠাৎ করে তাঁকে এত বড় শাস্তি দেওয়া দেশের ক্রিকেটের জন্য সুফল বয়ে আনবে না।’
সাকিবের শাস্তি ঘোষণার পর মাগুরা শহরের পশ্চিমপাড়ায় তাঁর বাড়িতে নেমে এসেছিল নিস্তব্ধতা। প্রতিক্রিয়া জানার জন্য বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। বাড়ির প্রধান ফটকের বাইরে থেকে তালা লাগানো ছিল। তবে পরে মুঠোফোনে সাকিবের বাবা সৈয়দ মাশরুর রেজা প্রথম আলোকে বলেন, ‘আমি ক্ষমাপ্রার্থী। আমাদের পরিবারের পক্ষ থেকে কিছু বলায় নিষেধ আছে।’