সাকিবের শহর মাতালেন ওয়ালিরা
দুপুর গড়াতেই জেগে উঠল ক্রিকেট তারকা সাকিব আল হাসানের শহর মাগুরা। প্রায় আট হাজার দর্শক এলেন মহম্মদপুর উপজেলার আরএসকেএইচ ইনস্টিটিউশন মাঠে। সবার হাতে বাদ্য-বাজনা, ফুটবলের স্লোগান লেখা প্ল্যাকার্ড। ঢাকার দুই পরাশক্তি আবাহনী-মোহামেডানের দ্বৈরথ বলে কথা! আবাহনীতে খেললেন জাতীয় দলের ওয়ালি ফয়সাল, শাকিল, তপু বর্মণ, জুয়েল রানা, ইমন বাবু, শাহেদুল, জীবন ও ফাহাদ। মোহামেডানে জনি ও সজীব।
প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের বাবা আছাদুজ্জামানের নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পরশু মুখোমুখি হয়েছিল আবাহনী-মোহামেডান। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা গোলশূন্য ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সাডেন ডেথে জিতেছে মোহামেডান (৬-৫)।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মোহামেডানের গোলরক্ষক নেহাল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাগুরার জেলা প্রশাসক মাহবুবুর রহমান।