সাকিবের হ্যামস্ট্রিংয়ে টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেবেছিলেন বিপিএলের বিরতির দিনটায় একা একা নিজের মতো করে অনুশীলন করবেন। টিম ম্যানেজমেন্ট নেট বোলারদের প্রস্তুতও রেখেছিল। কিন্তু পরশু ঘুম ভেঙেই হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করলেন সাকিব আল হাসান। সেদিন আর অনুশীলনে যেতে পারেননি। কাল অনুশীলন করেছেন, তবে আজ দুরন্ত রাজশাহীর ম্যাচে মাঠে নামা নিয়ে সংশয় আছে যথেষ্টই। ঢাকা গ্ল্যাডিয়েটরস অলরাউন্ডার কাল সন্ধ্যায় জানালেন, ‘এখনো পুরোপুরি বুঝতে পারছি না অবস্থা। ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এখন আপাতত বলতে পারি খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি।’২৯ জানুয়ারি সিলেট রয়্যালসের বিপক্ষে খেলেছেন সাকিব। তবে তিনি নিজেও বুঝতে পারছেন না চোটটা কখন বাধালেন। যে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি, সেই শিন ইনজুরি নিয়েও বেশ অস্বস্তি আছে সাকিবের মনে। এই অলরাউন্ডারের ধারণা, ওই চোটটা এখনো পুরোপুরি ছেড়ে যায়নি তাঁকে। সব মিলিয়ে আজকের ম্যাচ তো বটেই, আগামীকাল চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচটা নিয়েও সংশয় আছে বলে মনে হচ্ছিল। তবে কালকে অনুশীলনে খুব বেশি সমস্যা না হওয়ায় আশা দেখছেন ঢাকা গ্ল্যাডিয়েটরস ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, ‘খুব গুরুতর কিছু নয় এটা, গ্রেড ওয়ান টিয়ার। আজ (কাল) অনুশীলন করেছে, ফিজিও নিশ্চিত করে কিছু বলেননি। কালকের (আজকের) ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা আছে, তবে খেলার সম্ভাবনা কম, এমন কিছুও বলা যাচ্ছে না। ম্যাচের আগে নিশ্চিত হওয়া যাবে।’