সাকিবের ‘ক্ষমা চাওয়া’ ও বিসিবির ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি-সাকিব আল হাসান দ্বৈরথের শেষটা নাকি হয়েছে আ হ ম মোস্তফা কামালের কাছে সাকিবের ক্ষমা চেয়ে! একটি জাতীয় দৈনিক এই সংবাদ ছাপার পাশাপাশি গত পরশু এবং গতকাল সাকিব ও বোর্ড সভাপতির একটি ছবিও ছাপিয়েছে। সাকিবের ক্ষমা চাওয়ার সংবাদ এবং তাঁর সঙ্গে বোর্ড সভাপতির ছবিটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটির প্রতিবাদ জানিয়েছে বিসিবি।বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—• অনুমাননির্ভর এবং ভুল ধারণার বশবর্তী হয়ে ছবিটির ক্যাপশন লেখা হয়েছে। বোর্ড সভাপতির সঙ্গে জাতীয় দল অধিনায়কের কথোপকথনের একটি মুহূর্তে ওই ছবি তোলা হয়েছিল। ক্যাপশনে যা বোঝানোর চেষ্টা হয়েছে, তা সঠিক নয়।• পুরস্কার বিতরণী শেষে বিসিবি সভাপতি ও জাতীয় দলের অধিনায়ক জাতীয় দল নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন। বোর্ড সভাপতি অনেক ব্যাপারে অধিনায়কের মতামত জানতে চেয়েছেন। এই আলোচনা খুবই আন্তরিকতাপূর্ণ পরিবেশে হয়েছে এবং আলোচনায় কখনোই এমন কিছু ঘটেনি যাতে ক্ষমা চাওয়ার মতো পরিস্থিতির উদ্ভব হয়।• বিসিবি মনে করে, বিসিবি সভাপতি এবং জাতীয় দলের অধিনায়কের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরপর দুই দিন উদ্দেশ্যমূলকভাবে ওই ছবি ছাপানো হয়েছে। এটা জাতীয় দলের পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।একটি জাতীয় দৈনিকের এ রকম ‘দায়িত্বজ্ঞানহীন আচরণে’ গভীর উদ্বেগ প্রকাশ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আশা প্রকাশ করেছে, ক্রিকেটের স্বার্থে এ রকম ‘ভিত্তিহীন’ সংবাদ ভবিষ্যতে পরিহার করা হবে।