সাকিবেরও শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম ইকবালের দল সেন্ট লুসিয়া জুকস বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। সেমিফাইনাল থেকে বিদায় নিল সাকিব আল হাসানের দল বারবাডোজ ট্রাইডেন্টসও। ট্রাইডেন্টসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেছে ক্রিস গেইলের জ্যামাইকা তালাওয়াস।
দল হারলেও সাকিবের দায়টা যেন কমই! ব্যাটিংয়ে নামেনইনি। বল হাতে ১ ওভারে দিয়েছেন ৮ রান। পরে আর বলই দেননি অধিনায়ক কাইরন পোলার্ড। শোয়েব মালিকের ৪৭ বলে ৪৯ ও রেমন রেইফারের ৪৩ বলে ৩৬ রানের ইনিংস ট্রাইডেন্টসকে দেয় ৬ উইকেটে ১৪৮ রানের পুঁজি। জবাবে গেইল ফিরে যান শুরুতেই। কিন্তু ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগে নিজের প্রথম ম্যাচেই কুমার সাঙ্গাকারার হাফ সেঞ্চুরি, ওয়ালটনের ৪০ বলে ৪৫ এবং শেষ দিকে আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ে তালাওয়াস জিতে যায় ৯ বল হাতে রেখেই। আহমেদ শেহজাদ পাকিস্তান জাতীয় দলের সঙ্গে গেছেন জিম্বাবুয়েতে। তাঁর পরিবর্তে খেলতে নেমে সাঙ্গাকারা অপরাজিত থাকেন ৩৮ বলে ৫০ রান করে, যাতে দুটি ছক্কা ও চারটি চার।
তবে সত্যিকার ঝড়টা তোলেন রাসেল। যখন ব্যাট হাতে নামেন, জয়ের জন্য দরকার ২০ বলে ৩২। তালাওয়াস তা তুলে নিয়েছে ১১ বলেই। এর মধ্যে ৬টি বল খেলেছেন রাসেল, সেই ছয় বলের ভাগ্যে জুটেছে এমন—৪, ৬, ১, ৬, ৬, ৬। শেষ তিনটি ছক্কা আজহার মেহমুদের করা ১৯তম ওভারের প্রথম তিন বলে।
গায়ানা আমাজন ওয়ারিয়র্স ফাইনালে উঠে গেছে আগেই। জ্যামাইকা-গায়ানা ফাইনালটি শুরু আজ ভোর ৬টায়। ওয়েবসাইট।