সাক্ষীকে ঘিরে 'যুদ্ধ'

রিও অলিম্পিকের ১৪তম দিনে মেয়েদের কুস্তি থেকে ভারতকে প্রথম পদক এনে দেন সাক্ষী মালিক। সেটি আবার একটি ব্রোঞ্জ। আর এটি নিয়েই টুইটারে মন্তব্য করে টুইটারে যেন ‘ভারত-পাকিস্তান যুদ্ধ’ লাগিয়ে দিয়েছেন পাকিস্তানি এক সাংবাদিক। সাধারণ মানুষ তো বটেই, এমনকি অমিতাভ বচ্চনের মতো তারকাও নেমে পড়েছেন এই ‘টুইট-যুদ্ধে’।
ব্যাডমিন্টনে পিভি সিন্ধু রুপা জেতার আগে ১৮ আগস্ট মেয়েদের কুস্তির ৫৮ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জেতেন সাক্ষী, রিওতে ভারতের প্রথম পদক। পুরো ভারতই এরপর ফেটে পড়ে উল্লাসে। চারদিক থেকে প্রশংসার পাশাপাশি প্রায় সাড়ে তিন কোটি রুপি পুরস্কার পাচ্ছেনই, উত্তর প্রদেশ সরকারের কাছ থেকে সম্মানসূচক রানি লক্ষ্মীবাই পদকও পেতে চলেছেন সাক্ষী। কিন্তু এ নিয়েই উল্টোপাল্টা টুইট করে বসেন পাকিস্তানি সাংবাদিক ওমর কুরাইশি, ‘অবশেষে রিওতে যে ১১৯ জন প্রতিযোগী পাঠিয়েছে ভারত, তার মধ্যে একজন একটা পদক জিতেছে। কিন্তু দেখুন ওরা কী করছে, মনে হচ্ছে যেন ২০টি সোনা জিতেছে।’
এ নিয়েই ক্ষোভে ফেটে পড়ে ভারত। সাধারণ মানুষ তো পাকিস্তানের অলিম্পিক সাফল্য টেনে এনে উল্টো কুরাইশিকে নিয়ে মজা করছেনই, টুইট করেছেন অমিতাভ বচ্চনও। বলিউড কিংবদন্তি লিখেছেন, ‘আমার কাছে তো এটা এক হাজার সোনার সমান। এমনকি সেটিও যথেষ্ট নয়। সাক্ষীর জন্য এটা গর্বের, আমরাও গর্বিত, ও একজন ভারতীয়, এবং একজন নারী।’
অমিতাভের এই টুইট পেয়ে কুরাইশি ‘যুদ্ধবিরতি’ তো দেনইনি, উল্টো টুইট করেছেন, ‘গল্পের শেষ কথা, যদি আপনি পাকিস্তানি হন, তাহলে ম্যাচের কাঠির সমান একটা টুইটেও অমিতাভ উত্তর দেবেন।’
টুইট-যুদ্ধটা বেশ ভালোই জমছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।