সাগরে ভেসে জীবন-বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ান মাহমুদ:  উদ্বাস্তু থেকে ফুটবলার, এএফপি
বায়ান মাহমুদ: উদ্বাস্তু থেকে ফুটবলার, এএফপি

কনটেইনারের ঘুটঘুটে আঁধারে গুটিসুটি মেরে পড়ে আছে ছেলেটা। পেটে ছুঁচো ডন কষছে। কিন্তু খাবার বলতে শুধু একতাল ময়দা। যে পানিটুকু আছে, সেটা দিয়ে কয়দিন চলে বলা মুশকিল। কিন্তু খিদে-টিদে নিয়ে ছেলেটার ভাবার সময় কই? দুরুদুরু বুকে প্রার্থনা করছে, ‘হে খোদা! কেউ যাতে দেখে না ফেলে।’ দেখলেই তো আবার ফিরে যেতে হবে ঘানায়। ঘানা? প্রাণ থাকতে আফ্রিকার ওই দেশটিতে ফিরতে চায় না ছেলেটা। সেখানে যে নিজের বাবা-মাকে চোখের সামনে খুন হতে দেখেছে ! তাই দক্ষিণ ঘানার কেপকোস্ট বন্দর থেকে লুকিয়ে উঠে পড়েছে মালবাহী জাহাজে। সেটা কোন বন্দরে নোঙর করবে তা সে জানে না। শুধু জানে, জাহাজটার গন্তব্য ইউরোপ।

জাহাজ থেকে নেমে সে ধীরে ধীরে আবিষ্কার করে, যেখানে এসেছে সেটা ইউরোপের কোনো দেশ নয়। দেশটির নাম আর্জেন্টিনা। এসব তিন বছর আগের কথা। এরপর? এরপর যা হয়েছে সেটাকে রূপকথা বললেও কম বলা হবে। চালচুলোহীন উদ্বাস্তু বায়ান মাহমুদ এখন বোকা জুনিয়র্সের যুবদলের খেলোয়াড়। একসময় বেঁচে থাকাটাই যার কাছে ছিল পরম প্রার্থিত বিষয়, ১৮ বছর বয়সী সেই বায়ান মাহমুদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন। মেসি, ম্যারাডোনাদের দেশে সমর্থকদের ভালোবাসায় ধন্য এখন বায়ান। বিশ্বখ্যাত নাইকি চুক্তি করেছে তাঁর সঙ্গে।

ভাগ্যের লীলা বোঝা বড় দায়। যার যাওয়ার কথা ইউরোপে, সে এসে পড়ল অচিনপুর আর্জেন্টিনায়। বায়ানের মুখেই শোনা যাক, ‘আর্জেন্টিনায় আসার আগে আমি ম্যারাডোনা, মেসি ও তেভেজ ছাড়া কারও   নাম শুনিনি। এমনকি কীভাবে পানি চাইব সেটাও আমি জানতাম না।’ 

কিন্তু আর্জেন্টিনায় এসে ভাগ্যটা বদলে গেল কীভাবে? বায়ানের বয়ান, ‘একদিন আমি পার্কে দেখলাম কয়েকটা ছেলে ফুটবল খেলছে। যে দলটা হেরে গেল, তাদের একজন আমাকে বলল খেলতে। আমি এরপর ওদের জিতিয়ে দিলাম।’ বায়ানকে বলা হলো প্রতি শনিবার আসতে। কিছু টাকাও পেল সে।

সেই শুরু। খেলতে খেলতে বোকার এক স্কাউটের চোখে পড়ে গেলেন। তিন মাসের মধ্যে সুযোগ পেয়ে গেলেন বোকার যুবদলে। এখন তো এই লেফট ব্যাক স্বপ্ন দেখছেন মূল দলে খেলার। যেখানে একসময় খেলেছিলেন ডিয়েগো ম্যারাডোনা!

এটুকু শুনেই রোমাঞ্চিত হচ্ছেন? বায়ানের শিশুকালের গল্পটা তো এখনো বলাই হয়নি। ঘানার যে শহরে তাঁর বেড়ে ওঠা, সেই বুকাউয়ে জাতিগত দাঙ্গা ছিল নেহাতই আটপৌরে ঘটনা। কুসাসি ও মামপুসি গোত্রের এমন এক দাঙ্গায় নিহত হন বায়ানের বাবা-মা। তাঁর বয়স তখন ১০।

বড় ভাইকে নিয়ে অনাথ বায়ান বেরিয়ে পড়েন অজানা গন্তব্যে। বায়ান জানাচ্ছেন, ‘আমরা অনাথ আশ্রমে থাকতাম, কিন্তু সেখানে বন্দুকধারীরা ফিরে এসে অনেককে মেরে ফেলে। আমি শুধু জানতাম আমাকে দৌড়াতে হবে। আমি দৌড়াতে লাগলাম।’ কী নির্মম পরিহাস, একসময় ভাইকে হারিয়ে ফেললেন বায়ান। ভাগ্যানেন্বষণে ঘুরতে ঘুরতে উঠে পড়লেন জাহাজে। বাকিটা তো পড়েছেনই। এএফপি।