সাঙ্গাকারা এখনো মনোযোগী ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে শ্রীলঙ্কা দলের ফুটবল ম্যাচে কাল থাকলেন রেফারি। কাল থেকে শুরু চট্টগ্রাম টেস্টে কি বাঁশি বাজবে কুমার সাঙ্গাকারার?  প্রথম আলো
অনুশীলনে শ্রীলঙ্কা দলের ফুটবল ম্যাচে কাল থাকলেন রেফারি। কাল থেকে শুরু চট্টগ্রাম টেস্টে কি বাঁশি বাজবে কুমার সাঙ্গাকারার? প্রথম আলো

ডান পাশের নেটে ব্যাটিং করলেন মিনিট পঁচিশেক। নেট ব্যাটিং তো নয়, যেন ব্যাট করছিলেন মাঠের ২২ গজেই। পুঙ্খানুপুঙ্খ আওড়ে গেলেন ব্যাটিংয়ের ধারাপাত। শুরুর অনেকটা সময় শুধুই নিখুঁত ডিফেন্স, মাথা নিচু, দেখেশুনে ছেড়ে দেওয়া। নেট বোলারদেরও দিচ্ছিলেন স্টেইন-আজমলদের সম্মান। ডিফেন্সগুলো একটা সময় হয়ে গেল ড্রাইভ। অফ-অন-কাভার-স্কয়ার ড্রাইভ। সময়ের সঙ্গে মেলে ধরলেন ক্রিকেট বইয়ের সব শটের প্রদর্শনী। শেষ কয়েক মিনিট বল উড়তে লাগল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নানা প্রান্তে।
এরপর নেটের পাশেই চেয়ারে বসে খানিকক্ষণ দম নেওয়া। খানিক বাদে ব্যাট বগলদাবা করে বাঁ পাশের নেটের দিকে হেঁটে যাওয়া। এবার শুধুই কেতাবি ব্যাটিং। একের পর এক বল ছুড়ে গেলেন কোচ পল ফারব্রেস আর সহকারী কোচ মারভান আতাপাত্তু। আর তিনি নক করলেন প্রায় মিনিট পনেরো। নামের পাশে ২৪ হাজার আন্তর্জাতিক রান, ৪৯টি সেঞ্চুরি। টেস্ট রান ছুঁতে চলেছে ১১ হাজার। প্রায় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। রান করেছেন ক্রিকেট-বিশ্বের সব প্রান্তে, সব বোলিং আক্রমণের বিপক্ষে। সর্বকালের সেরাদের একজন। কুমার সাঙ্গাকারা তবু যেন ক্রিকেট দেবতার একনিষ্ঠ পূজারি। ক্লাসের সেই ভালো ছাত্র, সব নখদর্পণে থাকার পরও যে কি না পরীক্ষার আগের রাতে রিভিশন দিয়ে ফেলে পাঠ্যবইয়ের প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত।
সাম্প্রতিক ব্যর্থতার ব্যাপারটিও অবশ্য মাথায় থাকতে পারে। যদিও ‘ব্যর্থতা’ শব্দটিতে ভ্রু কুঁচকে যেতে পারে অনেকের। আগের ইনিংসেই না ৭৫ করলেন! আরব আমিরাতে পাকিস্তান সিরিজেও করে এসেছেন দুটি ফিফটি। তবুও ব্যর্থ সাঙ্গাকারা, নিজের মানদণ্ড এতটাই উঁচু তারে বেঁধে দিয়েছেন। সাঙ্গাকারা উইকেটে থিতু হওয়া মানেই তো বড় ইনিংস, অন্তহীন ব্যাটিং করে যাওয়া। এই তিনটি ফিফটি কিংবা পাকিস্তান সিরিজে আরও দুবার দুই অঙ্ক ছোঁয়া, এসব দুই অঙ্কের ইনিংস কেন সাঙ্গাকারার ফর্মে থাকার সাক্ষ্য হবে!
তাঁর নিজের চেয়ে ভালো এটা আর কারও বোঝার কথা নয়। এবার কি তবে ‘খরা’ কাটানোর পালা? চট্টগ্রামে কি আসছে বড় কিছু? কালো রোদচশমায় ঢাকা সাঙ্গাকারার চোখের ভাষা বোঝা গেল না। তবে হাসিমাখা উত্তরেও ঠিকই ধরা পড়ল কণ্ঠের দৃঢ়তা আর প্রতিজ্ঞা, ‘আশা করি...জাস্ট ওয়েট অ্যান্ড সি...!’
মাহেলা জয়াবর্ধনে অবশ্য দিন কয়েক আগে একরকম বলেই দিয়েছেন। সাঙ্গাকারার ৩৩ টেস্ট সেঞ্চুরির ছোঁয়ার পর মিরপুরের সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে বলেছিলেন, ‘লড়াইয়ে শেষ পর্যন্ত সাঙ্গাই জিতবে, হয়তো পরের টেস্টেই ও আবার আমাকে ছাড়িয়ে যাবে।’ এই ছাড়িয়ে যাওয়া নিয়ে কথা বলায় খুব একটা আগ্রহী মনে হলো না সাঙ্গাকারাকে। তবে দুজনের প্রতিযোগিতা নিয়ে প্রিয় বন্ধুর কথাটারই পুনরাবৃত্তি শোনা গেল সাঙ্গাকারার কণ্ঠে, ‘এমন একটি সুস্থ প্রতিযোগিতা যেকোনো দলের জন্যই ভালো। একজন আরেকজনকে তাড়িয়ে বেড়ানো, রেকর্ডের পেছনে ধাওয়া—এসবে আখেরে দলেরই লাভ। আমরা দুজনই ভাগ্যবান যে দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখতে পেরেছি এবং বছরের পর বছর ধরে শ্রীলঙ্কার হয়ে রান করে গেছি।’
ভাগ্যবান তাঁরা তো বটেই। এত দীর্ঘ সময় ধরে দেশকে প্রতিনিধিত্ব করতে ভাগ্যদেবীর পক্ষপাতিত্ব পেতেই হয়। তবে সেই পক্ষপাতিত্ব এমনি ধরা দেয় না, অর্জন করে নিতে হয়। ক্রিকেট-ধ্যানে মগ্ন হয়ে তবেই জয় করতে হয় ক্রিকেটদেবতার মন। সেটা যখন দুজনেই পারলেন, সমৃদ্ধ হলো আসলে লঙ্কান ক্রিকেটই। দুজনের ব্যাট থেকে এসেছে ৪৮ হাজারের বেশি আন্তর্জাতিক রান, ৯৯টি সেঞ্চুরি। ৬২৪ রানের রেকর্ড জুটিসহ অসংখ্য মনে রাখার মতো জুটি। বিশ্ব ক্রিকেটও কি কম সমৃদ্ধ এই দুজনে!
দুই গ্রেটের মধ্যে আবার পরিষ্কার ব্যবধানেই এগিয়ে সাঙ্গাকারা। টেস্ট সেঞ্চুরিসংখ্যা সমান হলেও সাঙ্গাকারা ম্যাচ খেলেছেন ২১টি কম। ব্যবধানটা স্পষ্ট বুঝিয়ে দেয় ব্যাটিং-গড়ও। জয়াবর্ধনের গড় ওঠানামা করে পঞ্চাশের আশপাশে, মিরপুরের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে গড়টা আবার পঞ্চাশ ছুঁয়েছে। সাঙ্গাকারার গড় সেখানে ২০০৬ সালের পর (ক্যারিয়ারের ৬৪তম টেস্ট) আর পঞ্চাশের নিচে নামেনি। ২০১০ সালে গড় ছুঁয়েছিল ৫৭.২৫, সাম্প্রতিক ‘ব্যর্থতায়’ কমে এখন ৫৬.৪৫। শুধু জয়াবর্ধনেই বা কেন, সাড়ে ৮ হাজার রান করেছেন, টেস্ট ইতিহাসে এমন ব্যাটসম্যানদের মধ্যে সাঙ্গাকারার ধারেকাছে আছেন শুধু জ্যাক ক্যালিসই (৫৫.৩৭)। সাঙ্গাকারার ৮ ডাবল সেঞ্চুরির চেয়ে বেশি করেছেন শুধু স্যার ডন ব্র্যাডম্যান (১২) ও ব্রায়ান লারা (৯)।
সেই সাঙ্গাকারা বড় ইনিংসের জন্য বলছেন, ‘ওয়েট অ্যান্ড সি!’ যেভাবে বললেন, বোলারদের শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেওয়ার জন্য তা যথেষ্ট। বাংলাদেশ চাইবে অপেক্ষাটা দীর্ঘায়িত হোক অন্তত আর একটি টেস্ট। কিন্তু ইতিহাস আর সাঙ্গাকারার কণ্ঠের প্রতিজ্ঞা বলছে, দীর্ঘায়িত হওয়াটাই হবে বিস্ময়ের!