সাঙ্গাকারার ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে উইজডেনের পাঁচ বর্ষসেরা ক্রিকেটারের একজন হয়ে ইতিহাস গড়েছিলেন তামিম ইকবাল। এবার গড়লেন কুমার সাঙ্গাকারা। বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন হওয়ার পাশাপাশি সাঙ্গাকারাই প্রথম পেলেন ‘দ্য লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ স্বীকৃতি। বর্ষসেরা পাঁচের বাকি চারজন—টিম ব্রেসনান, গ্লেন চ্যাপেল, অ্যালিস্টার কুক ও অ্যালান রিচার্ডসন। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক-এর ১৪৯তম সংস্করণ বাজারে আসছে আজ। নতুন সম্পাদক লরেন্স বুথের সম্পাদনায় প্রথম সংস্করণ এটিই।‘উইজডেন’ বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি দিয়ে আসছে ১৮৮৯ সাল থেকে। ক্রিকেটের সবচেয়ে পুরোনো ব্যক্তিগত স্বীকৃতি এটিই। স্বীকৃতির জন্য বিবেচনায় নেওয়া হয় মূলত ইংলিশ গ্রীষ্মের অসাধারণ পারফরম্যান্স। তবে এর বাইরেও কেউ অসাধারণ কিছু করলে পেতে পারেন স্বীকৃতি। গত বছর প্রথা ভেঙে স্বীকৃতি দেওয়া হয়েছিল চারজনকে—তামিমের পাশাপাশি এউইন মরগান, ক্রিস রিড ও জোনাথন ট্রট। পঞ্চমজনও মনোনীত হয়েছিলেন, তবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি ম্যাচ পাতানোয় জড়িত থাকায় (ধারণা করা হয় মোহাম্মদ আমির)। একবারের বেশি কাউকে দেওয়া হয় না এই স্বীকৃতি। বর্ষসেরা পাঁচ নির্বাচন করেন সম্পাদক নিজে। ২০০৪ সাল থেকে দেওয়া হচ্ছে এই স্বীকৃতি। তবে উইজডেনের একটি বিশেষজ্ঞ প্যানেল ১৯০০ থেকে ২০০২ সাল পর্যন্ত ‘লিডিং ক্রিকেটার’ নির্বাচিত করেছে। সর্বোচ্চ ১০ বার ‘লিডিং ক্রিকেটার’ হয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান, আটবার গারফিল্ড সোবার্স। তিনবারের বেশি পাননি আর কেউ। গত বছর পেয়েছিলেন শচীন টেন্ডুলকার।সাঙ্গাকারার এই দ্বৈত স্বীকৃতি নিয়ে প্রশ্নের অবকাশ সামান্যই। গত বছর টেস্ট-ওয়ানডে-টি টোয়েন্টি মিলিয়ে রান করেছিলেন ২২৬৭, যার ধারেকাছে ছিল না কেউ (দ্বিতীয় সর্বোচ্চ মোহাম্মদ হাফিজের ১৮৮৫)। ৫ সেঞ্চুরি ও ১৩ ফিফটিও ছিল সর্বোচ্চ। প্রেক্ষাপট বিবেচনায় ছিল অসাধারণ কিছু ইনিংস। সাউদাম্পটনের রোজবোলের সুইঙ্গিং কন্ডিশনে ইংল্যান্ডে সম্ভবত তাঁর শেষ টেস্ট ইনিংসে ম্যাচ বাঁচানো সেঞ্চুরি, আবুধাবি ও শারজার প্রচণ্ড গরমে আজমল-রেহমানদের বিপক্ষে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি, ডারবানের বাউন্সি উইকেটে স্টেইন-মরকেলদের বিপক্ষে সেঞ্চুরি। সাঙ্গাকারার নেতৃত্বে শ্রীলঙ্কা খেলেছে গত বিশ্বকাপের ফাইনাল। তবে ‘লিডিং ক্রিকেটার’ হওয়ায় বড় ভূমিকা আছে গত বছর এমসিসি কাউড্রে স্মারক বক্তৃতারও। শ্রীলঙ্কান ক্রিকেটে রাজনীতি ও দুর্নীতি নিয়ে সাহসী বক্তৃতা দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন গোটা ক্রিকেট-বিশ্বে।গত বছর ভারতকে ইংল্যান্ডের হোয়াইটওয়াশ করায় বড় ভূমিকা ছিল টিম ব্রেসনানের অলরাউন্ড নৈপুণ্যের। সঙ্গে ধরে রেখেছিলেন শতভাগ টেস্ট জয়ের ধারা। অ্যালিস্টার কুক ৮৪ গড়ে করেছেন ৯২৭ টেস্ট রান, এর মধ্যে ছিল এজবাস্টনের অসাধারণ ২৯৪। ৭৭ বছর পর ল্যাঙ্কাশায়ারের কাউন্টি শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন চ্যাপেল, ৩৮ বছর বয়সী পেসার নিজে পেয়েছেন ৫৫ উইকেট। আর উস্টারশায়ার অভাবিতভাবে কাউন্টির ডিভিশন ওয়ানে টিকে গিয়েছিল অ্যালান রিচার্ডসনের বোলিং নৈপুণ্যে, ৩৭ ছুঁই-ছুঁই পেসার নিয়েছিলেন ৭৩ উইকেট। ওয়েবসাইট।