
সকাল থেকে দুটি জিনিসের অপেক্ষায় ছিলাম৷ কখন কুমার সাঙ্গাকারার আউট দেখব এবং যতক্ষণ আউট না হয় ততক্ষণ তার ব্যাটিং উপভোগ করব৷ দুটির অপেক্ষায় থেকে থেকে প্রায় পুরো দিনই শেষ হয়ে গেল৷
যাদের সঙ্গে আমার সময় কাটে, আড্ডা দিই, তারা সবাই জানে এক-দেড় বছর ধরে আমি সাঙ্গাকারার খেলার দিকে কতটা দৃষ্টি রাখি৷ ব্যাটিং নিয়ে যদি কখনো কথা বলি, সাঙ্গাকারার উদাহরণটাই সামনে টেনে আনি৷ আমার চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যানটির নাম কুমার সাঙ্গাকারা৷ সেখানে দ্বিতীয় আর কোনো পছন্দ নেই৷
একটা ম্যাচ নিজের হাতে তৈরি করে নিতে পারে সাঙ্গাকারা৷ ওয়ানডে বলেন, টি-টোয়েন্টি বলেন কিংবা টেস্ট, ক্রিকেটের সব শাখাতেই সে সফল৷ সব ধরনের ক্রিকেটেই খেলার মেজাজটা ঠিক থাকে তার৷ ওয়ানডে, টি-টোয়েন্টিতেও দেখবেন স্ট্রাইক রেট এক শর ওপরে৷ আবার টেস্টে দেখবেন বাজে বলেই শুধু মারে৷ নয়তো উইকেটে টিকে থাকার চেষ্টা করে৷ ৩১৯ রান করে আউট হয়েছে৷ কিন্তু ও যদি এই ইনিংসে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডও ভেঙে দিত, অবাক হওয়ার কিছু থাকত না৷
সম্ভবত ব্যক্তিগত ৩০৭ রানের সময় স্টাম্পিংয়ের একটা সুযোগ দিয়েছিল৷ নইলে সাঙ্গাকারার পুরো ইনিংসটাই নির্ভুল ক্রিকেটের দুর্দান্ত এক প্রদর্শনী৷ দুই দিন ব্যাটিং করেও এত নির্ভুল ইনিংস খেলা বুঝি তার পক্ষেই সম্ভব৷
সাঙ্গাকারার সামনে অনেক বড় বড় বোলারকেও দেখেছি সাধারণ মানে নেমে আসতে৷ তার খেলার ধরনটাই এ রকম৷ ভালো বলে হয়তো একটা সময় আউট হয়ে যায়, কিন্তু যতক্ষণ থাকে, নিজের উইকেটটাকে মূল্য দেয়৷ কখনো বাজে শট খেলে আউট হয় না৷ ব্যাটিংয়ের মৌলিক বিষয়গুলো ঠিক রেখে খেলে৷ অনেক বড় বড় ব্যাটসম্যানকেও দেখেছি ভালো বলে মারতে গিয়ে আউট হয়ে যায়৷ সাঙ্গাকারার ব্যাটিংয়ে এটা দেখেছি কমই৷ আগামী দুই-তিন বছর এভাবে খেলে গেলে একটা সময় হয়তো ও ব্র্যাডম্যানের ডাবল সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেবে৷ আমি মনে করি সেটা তার প্রাপ্যও৷
সাঙ্গাকারার ৩১৯ রানের ইনিংসের এক পিঠে যদি থাকে উপভোগ, আরেক পিঠে হতাশা৷ কারণ ও এই ইনিংসটা খেলল আমাদের বিপক্ষে৷ এই ইনিংসটা তাকে অন্য কোনো দলের বিপক্ষে খেলতে দেখলেই আমার বেশি ভালো লাগত৷ তা ছাড়া এই সিরিজে আরও ম্যাচ আছে৷ ওর মতো একজন ব্যাটসম্যানের সামনে আবারও পড়তে হবে আমাদের বোলারদের৷
সন্দেহ নেই, তামিম আউট না হলে দিন শেষে আমরা আরও ভালো অবস্থায় থাকতাম৷ তবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৮৬ রান আমাদের৷ এটা একেবারে খারাপ নয়৷ আমরা ভালোভাবেই ফিরে আসতে পেরেছি ম্যাচে৷ ইমরুল-শামসুরকে এখন বুঝতে হবে আমরা একটা বড় রান তাড়া করছি৷ তাড়াহুড়োর কিছু নেই৷ দিনের শেষ ভাগে দেখলাম ইমরুল সে রকমই একটা শট খেলে আউট হওয়ার সুযোগ দিয়েছিল৷ এ রকম শট আর না খেলাই ভালো৷ বাজে বলের জন্য অপেক্ষা করতে হবে৷ ব্যাটসম্যানরা যত বেশি ধৈর্য ধরতে পারবে, বোলাররা তত বেশি অধৈর্য হয়ে উঠবে৷ এই সুযোগটাই আমাদের নিতে হবে৷ আশা করি, এই উইকেটে ব্যাটসম্যানরা সেটা পারবেও৷
ভালো শুরুর পর কীভাবে খেলাটাকে ধরে রাখতে হয়, সেটা তো তাদের সাঙ্গাকারার ব্যাটিং দেখেই শিখে নেওয়া উচিত৷