সাঙ্গাকারার ব্যাটে ড্র
পঞ্চম দিন চা-বিরতি পর্যন্তও টেস্টের বাকি দেড় ইনিংস। রোজ বোল টেস্টে ড্র ছাড়া আর কী হবে? চা-বিরতির সময়ই আসা বৃষ্টিতে শেষ হলো সেই আনুষ্ঠানিকতা। তবে টেস্টটা ড্রয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য বিশাল ধন্যবাদ পাওনা শ্রীলঙ্কার অন্তর্বর্তী অধিনায়ক কুমার সাঙ্গাকারা। প্রথম ইনিংসে ১৯৩ রানে পিছিয়ে থাকার পরও শেষ টেস্ট শ্রীলঙ্কা ড্র করতে পেরেছে তাঁর ১১৯ রানের সৌজন্যেই।৩ উইকেটে ১১২ রান—দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার আগের দিনের এই স্কোরটা কাল চা-বিরতি পর্যন্ত ৫ উইকেটে ৩৩৪ রান হয়ে গেছে সাঙ্গাকারার ব্যাটে চড়ে। চা-বিরতির সময়ই নেমেছে বৃষ্টি এবং কিছুক্ষণ অপেক্ষার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়েছে সেখানেই। ইংল্যান্ডের সিরিজ জয়টা হলো ১-০-তেই।চতুর্থ উইকেটে রঙ্গনা হেরাথের সঙ্গে ৭৫ রানের জুটির পর পঞ্চম উইকেটে থিলান সামারাবীরার সঙ্গে সাঙ্গাকারার জুটি ১৪১ রানের। মধ্যাহ্নবিরতির মধ্যেই ৪ উইকেটে ২২৬ রান করে ৩৩ রানের লিড। দুর্দান্ত এক অন ড্রাইভে ফিফটি পূর্ণ করে সাঙ্গাকারা সিরিজের শেষ দিনে এসে অন্তত ঘোচাতে পারলেন রান-বন্ধ্যাত্ব। আগের পাঁচ ইনিংস মিলিয়ে তাঁর মোট রান ছিল মাত্র ৬৫! সেঞ্চুরি দিয়ে ঘুচিয়েছেন আরও বড় অপূর্ণতা। টেস্টে ইংল্যান্ডের মাটিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি, আগের সর্বোচ্চ ছিল ২০০৬ সালে নটিংহামে করা ৬৬ রান।শেষ দিনে অবশ্য বোলিং-ফিল্ডিং কোনোটাই ভালো হয়নি স্বাগতিকদের। ব্যক্তিগত ৫ রানের সময় স্ট্রাউস-সোয়ানের ভুল বোঝাবুঝিতে অ্যান্ডারসনের বলে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন হেরাথ। এরপর হেরাথকে মাঝ পিচে পেয়েও কাভার থেকে রানআউট করতে ব্যর্থ হয়েছেন অ্যান্ডারসন। এ ছাড়া ১৯ রানের সময় সোয়ানের বলে হেরাথ নিশ্চিত এলবিডব্লু ছিলেন। ইংল্যান্ড রিভিউ চাইলে বাঁচতে পারতেন না হেরাথ। এত সুযোগ পেয়েও এই বাঁহাতি অবশ্য ৩৬ রান করে এলবিডব্লু হয়েছেন সোয়ানের বলেই। প্রায় চা-বিরতি পর্যন্ত টেনে নিয়ে যাওয়া সাঙ্গাকারা-সামারাবীরার জুটিটা হয়েছে এরপরই। তথ্যসূত্র: স্টার ক্রিকেট ও ওয়েবসাইট।