সাঙ্গাকারার ব্যাটে লঙ্কার 'প্রতিশোধ'

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান কে? এই প্রশ্নে সবচেয়ে বেশি শোনা যায় অরবিন্দ ডি সিলভা ও মাহেলা জয়াবর্ধনের নাম। সনার্যা জয়াসুরিয়ার নামটাও কখনো কখনো উঁকি দেয়। কিছুদিন ধরে কুমার সাঙ্গাকারারও। বরাবরের বিনয়ী সাঙ্গাকারা অবশ্য ওই দলে নিজেকে রাখতেই রাজি নন। ডি সিলভা ও জয়াবর্ধনেকেই সেরা মেনে তিনি উত্তর দেন, ‘হ্যাঁ, আমি অনেক রান করেছি। তবে আমি ওদের মতো ব্যাটিংটাকে এত সহজ মনে করতে পারি না।’বছর খানেক আগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পাওয়ার পর তুলনা হিসেবে এসেছিল ডি সিলভা ও জয়াসুরিয়ার নাম। তখনো নিজেকে আড়াল করতে গিয়ে বলেছিলেন, ‘ওরা ব্যাটিং করত কর্তৃত্ব নিয়ে, প্রতিপক্ষের আক্রমণ ধ্বংস করে দিত। আমি শ্রমিক শ্রেণীর, খেটেখুটে রান করতে হয়।’সাঙ্গাকারার দাবি নিয়ে বিতর্ক হতে পারে। ডি সিলভা-জয়াসুরিয়া যে অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন, এ নিয়েও সংশয় নেই। তবে পরশু প্রেমাদাসার সাঙ্গাকারা কিন্তু মনে করিয়ে দিলেন ডি সিলভা-জয়াসুরিয়াদের বিধ্বংসী ব্যাটিংকেই। ইনিংসের প্রথম ভাগটায় খেলেছেন নিজের মতোই, ৩৮ ওভার শেষে রান ছিল ৯১ বলে ৬৬। পরের ১০৩ রান মাত্র ৪৬ বলে! এর ৮৪-ই জায়গায় দাঁড়িয়ে, ১৫ চার ও ৪ ছয়ে।পরিসংখ্যানেও ছাড়িয়ে গেছেন পূর্বসূরিদের। ১৬৯ রানের ইনিংসটা এখন দেশের মাটিতে লঙ্কানদের ব্যক্তিগত সর্বোচ্চ ওয়ানডে ইনিংস। এই ৩৬ ছুঁই-ছুঁই বয়সে খেললেন ক্যারিয়ার-সেরা ইনিংস। সাঙ্গাকারা অবশ্য বরাবরের মতোই এটিকে বড় করে দেখতে নারাজ, ‘পুরো ব্যাপারটিই ছিল যত বেশি সম্ভব বল খেলা এবং চালিয়ে যাওয়া। আমার নিজেকে খুঁজে পেতে ৩৪ ওভার মতো লেগে গেছে, কিন্তু তবু উইকেট আঁকড়ে ছিলাম। মরকেল ভালো বোলিং করেছে। তাই ওকে সামলে অন্যদের টার্গেট করেছি।’সাঙ্গাকারা-ঝড় দক্ষিণ আফ্রিকানদের মনোবল এতটাই ভেঙে দিয়েছিল, ব্যাটিংয়ে নেমে আর দাঁড়াতেই পারেনি। ৩২০ রান তাড়া করতে নেমে গুটিয়ে গেছে ১৪০ রানে। ১৮০ রানের চেয়ে বড় ব্যবধানের পরাজয় ওয়ানডেতে অনেকগুলোই আছে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে বাদ দিলেও এর চেয়ে বড় পরাজয় আছে ১৯টি। তবে গত পরশু শ্রীলঙ্কার বড় জয়ের মহিমা অন্যখানে। দেড় বছরের পুরোনো একটা হিসাব চুকানোর ব্যাপার ছিল তাদের। গত বছরের জানুয়ারিতে পার্লে দক্ষিণ আফ্রিকার ৩০১ রানের জবাবে মাত্র ৪৩ রানে গুটিয়ে শ্রীলঙ্কা হেরেছিল ২৫৮ রানে। সাঙ্গাকারা আউট হয়ে গিয়েছিলেন মাত্র ৪ রান করে। এবার ব্যবধান এতটা বড় নয়, দক্ষিণ আফ্রিকার স্কোরটাও ‘৪৩’ জাতীয় লজ্জাজনক নয়। কিন্তু সাঙ্গাকারা ১৬৯, দক্ষিণ আফ্রিকা ১৪০—এই পরিসংখ্যান ওই হারের ক্ষতে খানিকটা প্রলেপ তো দেবেই! প্রেমাদাসাতেই সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল। ওয়েবসাইট।