সাঙ্গাকারার মুখেও ধোনি-স্তুতি
তীরে গিয়ে তরী ডুবছে অনেক দিন ধরেই। পরশু আরেকবার সেই অকল্যাণের বাতাস ছুঁলো শ্রীলঙ্কাকে। ১৯৯৬ বিশ্বকাপ জয়ের পর এই নিয়ে তৃতীয়বারের মতো বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে হারল তারা। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হার, ২০০৯-এ টি-টোয়েন্টি বিশ্বকাপে হার পাকিস্তানের কাছে। পরশু ম্যাচ শেষে শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেছেন, শেষ ধাপ পেরোতে না পারার এই দুষ্টচক্র থেকে বেরোতে হবে তাঁর দলকে।‘আমরা তিনটি ফাইনাল খেললাম। তিনটিতেই হারলাম। নিজেদের আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। ফাইনালে খেলা বড় এক সুযোগ এবং আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি’—দীর্ঘশ্বাস চেপে বলেছেন শ্রীলঙ্কা অধিনায়ক। তবে এই বিশ্বকাপে শ্রীলঙ্কা যেমন খেলেছে, তাতে গর্বিত সাঙ্গাকারা, ‘এটি খুব হতাশার। আবার একদিক থেকে সন্তুষ্টিরও। আমরা যেভাবে খেলেছি, তাতে গর্ব করতে পারি। দুর্ভাগ্যজনকভাবে আমরা ফাইনালে সেই খেলাটা অনুবাদ করতে পারিনি।’প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৭৪ রান তোলে শ্রীলঙ্কা। মাহেলা জয়াবর্ধনে খেলেছেন অপরাজিত ১০৩ রানের অসাধারণ এক ইনিংস। এই ইনিংসও শ্রীলঙ্কাকে জেতাতে পারেনি। তবে সতীর্থ ও প্রিয় বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ সাঙ্গাকারা, ‘দারুণ এক সেঞ্চুরি করেছে মাহেলা। সে আমাদের দেখিয়েছে, কী করতে পারে।’ সাঙ্গাকারা প্রশংসা করেছেন দলের অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিসেরও, ‘ট্রেভর দলটিকে খুব সুন্দরভাবে চালিয়েছেন। তিনি কম কথার মানুষ। তাঁকে আর পাচ্ছি না আমরা। তবে সবার মনেই তিনি থাকবেন।’বেলিসের কোচিং আর ফাইনালে জয়াবর্ধনের দারুণ ইনিংস; কোনোটিই ভাঙতে পারেনি শ্রীলঙ্কার ফাইনালের ‘কুফা’। তবে ভারতের ব্যাটিংকেই বড় বাধা হিসেবে মেনে নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক, ‘ভারতের ব্যাটিং ছিল অবিশ্বাস্য। আমার মনে হয় বিশ্বের সেরা সাত ব্যাটসম্যান ওদের দলে।’ বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকারের পর গৌতম গম্ভীর, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি—সাঙ্গাকারা সত্যিই বলেছেন। এই ব্যাটিং লাইনআপ টলানো এত সহজ নয়! পরশু ফাইনাল দিল শেষ প্রমাণ।৩১ রানের মধ্যে শেবাগ-টেন্ডুলকারকে ফিরিয়ে দিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। কিন্তু ভারত চাপে ভেঙে পড়েনি। গম্ভীর-কোহলির পর গম্ভীর-ধোনি জুটি দারুণ খেলেছে। বিশেষ করে গম্ভীর ও ধোনির অসাধারণ ১০৯ রানের জুটিই শেষ করে দিয়েছে শ্রীলঙ্কার আশা। প্রতিপক্ষের প্রশংসা করেছেন সাঙ্গাকারা, তবে বোলিংয়ের সীমাবদ্ধতার কথাও নিয়েছেন স্বীকার করে, ‘প্রথমে ব্যাট করে আমরা যে রান জমা করেছি, ভারতের অমন ব্যাটিংয়ের বিপক্ষে তা মোটেই যথেষ্ট ছিল না। প্রথম দুটি উইকেট নেওয়ার পর আমরা আঁটোসাঁটো বোলিং করতে পারিনি। আমরা অনেক বাজে বল করেছি, গম্ভীর ও কোহলি এর সুযোগ ভালোভাবেই নিয়েছে।’ এএফপি, ওয়েবসাইট।