সাঙ্গাকারার সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমার সাঙ্গাকারা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের বিজ্ঞাপনই করলেন, ‘হাম্বানটোটার ঝোড়ো বাতাস, পাল্লেকেলের পেস আর সুইং এবং কলম্বোর প্রেমাদাসার ব্যাটিং উইকেটের জন্য তৈরি থাকুন।’শ্রীলঙ্কায় আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং প্রথম দিনই হাম্বানটোটায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা। সাঙ্গাকারার কথাটাকে মনে হতে পারে জিম্বাবুয়েকে উদ্দেশ করে। ব্যাপারটা সে রকম নয়। বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় যাওয়া সব দলকেই সতর্ক করে দিয়ে সাঙ্গাকারা বলেছেন, ‘প্রতিটি ভেন্যুতে আছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ এবং সব দলকেই এর সঙ্গে মানিয়ে নিতে হবে। টুর্নামেন্টটা তাতে আরও বেশি জমে উঠবে।’ক্রিকেটপাগল শ্রীলঙ্কা বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় এই আসর জমে ওঠার ব্যাপারটা অনেকাংশেই নির্ভর করছে শ্রীলঙ্কার পারফরম্যান্সের ওপর। কিন্তু বড় আসরে শ্রীলঙ্কার সাফল্য বলতে এখন পর্যন্ত ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়। ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও হয়েছে রানার্সআপ। ক্রিকেটে বড় মঞ্চে না পারলে চোকার অপবাদটা গায়ে মাখতে হয়। শ্রীলঙ্কাকেও কেউ কেউ চোকার বলে। তবে শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এটা মানতে চান না। তিনি বরং মনে করেন ১৯৯৬ বিশ্বকাপ জেতার পর তিনটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে ওঠা শ্রীলঙ্কাকে সবার সম্মানই জানানো উচিত। ‘অনেকেই জানতে চায় আমরা কেন ফাইনালে ভেঙে পড়ি। তবে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার চেয়ে আমার কাছে এটিকে তো ভালোই মনে হয়’—বলেছেন জয়াবর্ধনে।নিজেদের মাটির বিশ্বকাপে শ্রীলঙ্কান অধিনায়ক এগোতে চান সতর্ক পায়ে। সবার আগে চান, দলের সবাই যেন বিশ্বকাপটা উপভোগ করে, ‘শ্রীলঙ্কা ক্রিকেটপাগল দেশ। আমাদের কাছে প্রত্যাশা তাই অনেক বেশি থাকবে সবার। মানুষ আমাদের পাশে থাকবে। আমাদের উচিত সেটা উপভোগ করা।’ বিশ্বকাপে নিজেদের অন্যতম ফেবারিট মনে করলেও টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতা অস্বীকার করতে পারেন না জয়াবর্ধনে। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে দলকে সতর্ক করলেন, ‘দল হিসেবে তারা ভালো। যেকোনো সময় আক্রমণাত্মক হয়ে প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিতে পারে। আমাদের তাই সেরা খেলা খেলতে হবে। আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না।’এএফপি।