শেষ পর্যন্ত বাবাকে জন্মদিনের উপহার কিনেই দিতে হলো কুমার সাঙ্গাকারাকে। অথচ কাল বিনে পয়সায় বাবাকে জন্মদিনের উপহারটা দেওয়ার খুব কাছে চলে গিয়েছিলেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। ক্যারিয়ারের নবম ডাবল সেঞ্চুরিটা পেয়েও যে পেলেন না! স্টেডিয়ামের স্কোরবোর্ডের ভুলে তালগোল পাকিয়ে অপরাজিত রইলেন ১৯৯ রানে। টেস্ট ইতিহাসে ১৯৯ রানে অপরাজিত থাকা দ্বিতীয় ব্যাটসম্যান এখন এই লঙ্কান বাঁহাতি।সাঙ্গাকারার রান যখন ১৯৩, স্কোরবোর্ড দেখাচ্ছিল ১৯৪। ক্রিজের অন্য প্রান্তে ১১ নম্বর ব্যাটসম্যান নুয়ান প্রদীপ। অফস্পিনার সাঈদ আজমলকে ছক্কা মেরেই সাঙ্গাকারা মেতে উঠলেন উৎসবে। ভুল ভাঙল সাজঘর থেকে আসা সতীর্থদের ইঙ্গিতে। বলা হলো, আরও ১ রান করতে হবে। কিন্তু ১ রান আর হলো না। দুই বল পরেই অন্য পাশে নিভে গেল নুয়ান প্রদীপের উইকেট-প্রদীপ।ওই সময়ে রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়লেও পরে ঠিকই মাথা ঠান্ডা করে সংবাদমাধ্যমের সামনে এসেছেন সাঙ্গাকারা। করলেন কিছুটা রসিকতাও, ‘আজ আমার বাবার জন্মদিন। ২০০ বা এ রকম কিছু করতে পারলে তাঁর জন্য উপহারটা আর কিনতে হতো না।’ মাথা ঠান্ডা করার ওষুধটা অবশ্য পেয়েছেন বোলারদের কাছ থেকেই। পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়েছেন তাঁরা।গল টেস্টের প্রথম দিনে বোলাররা মাথা কুটে মরলেও দ্বিতীয় দিন তাঁরাই ছড়ি ঘুরিয়েছেন। প্রথম দিনে যেখানে মাত্র দুটি উইকেট পড়েছিল, সেখানে কাল পড়েছে ১৩টি। ২ উইকেটে ৩০০ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৪৭২ রানে। এক প্রসন্ন জয়াবর্ধনে (৪৮) ছাড়া সাঙ্গাকারাকে সঙ্গ দিতে পারেননি অন্য কেউ। সাঈদ আজমল টেস্টে ষষ্ঠবারের মতো পেয়েছেন ৫ উইকেট।স্বাগতিকদের শেষ ৫ উইকেট পড়েছে ৫৭ রানে। পাকিস্তানের প্রথম ৫ উইকেট পড়েছে মাত্র ৪৪ রানে। শ্রীলঙ্কান বোলাররা দুবার দাঁড়িয়েছিলেন হ্যাটট্রিকের সামনে। একবার নুয়ান কুলাসেকারা ও আরেকবার সুরাজ রণদিভ। পাকিস্তানের আশার সলতে হয়ে এখনো টিকে আছেন অভিজ্ঞ ইউনুস খান, সঙ্গী অভিষিক্ত মোহাম্মদ আয়ুব। এএফপি, ওয়েবসাইট।