সাঙ্গাকারার ‘ডাবল’ সেঞ্চুরি
ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন কুমার সাঙ্গাকারা। আগের দিন ১৩০ রান নিয়ে অপরাজিত থাকা শ্রীলঙ্কার এই অধিনায়ক আজ লাঞ্চের বিরতির আগেই আরেকটি সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরি পেয়েছেন মাহেলা জয়াবর্ধনেও। সাঙ্গাকারা-জয়াবর্ধনের ব্যাটের ওপর ভর করে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে পাহাড়সম স্কোর গড়তে যাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম দিনের মতো আজও কেবল হতাশাই পেয়েছে ভারতীয় দল। আগের দিন পারানাভিতানা-সাঙ্গাকারা আর আজ ভারতীয়দের হতাশায় পুড়িয়েছে সাঙ্গাকারা-জয়াবর্ধনে জুটি। দুজনের অবিচ্ছন্ন জুটিতে লাঞ্চ পর্যন্ত কোনো উইকেট শিকার করতে পারেননি ভারতীয় বোলাররা। মাঝে আবার সাঙ্গাকারা তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। ২১৯ রানে শেবাগের বলে দ্রাবিড়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জয়াবর্ধনেকে থামাতে পারেনি ভারত, তিনি অপরাজিত আছেন ১৪৩ রানে। ১৫০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫৮৭ রান। জয়াবর্ধনে যেভাবে খেলছেন, তাতে সাঙ্গাকারার মতো ডাবল সেঞ্চুরি পেয়ে যেতে পারেন তিনিও।—ক্রিকইনফো, টাইমস অব ইন্ডিয়া