সাঙ্গাকারায় মুগ্ধ কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬৫ তাড়া করতে নেমে একসময় ১ উইকেটে ১৩৪ রান ছিল শ্রীলঙ্কার। কিন্তু মিডল অর্ডারের ধসে ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় ছুটে যাচ্ছিল তাদের হাত থেকে। এক প্রান্ত অবিচল থেকে দলকে জয়ের খুব কাছে নিয়ে যাওয়ার পুরো প্রশংসা তাই সাঙ্গাকারাকেই দিলেন শ্রীলঙ্কান অধিনায়ক আঞ্জেলো ম্যাথুসও, ‘সে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। ওর খেলা দেখাটাও আনন্দের। এটা সাম্প্রতিক কালে আমার দেখা অন্যতম সেরা ইনিংস।’

প্রচণ্ড চাপের মধ্যে এ রকম ইনিংস কীভাবে খেলেন, সেই রহস্যটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাঙ্গাকারার কাছেই জানতে চেয়েছিলেন উপস্থাপক হার্ষা ভোগলেও। এটা কি প্রকৃতিপ্রদত্ত, নাকি অভিজ্ঞতার সঙ্গে এসেছে? শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটসম্যানের জবাব, ‘দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা তো কিছুটা কাজে আসেই এসব ক্ষেত্রে।’ তবে ৪৯তম ওভারে যখন সাঙ্গাকারা আউট হয়ে যান, জয়ের জন্য তখনো শ্রীলঙ্কার ৯ বলে ৭ রান দরকার। হাতে ২ উইকেট। কিছুটা কি ভয় ধরে গিয়েছিল শ্রীলঙ্কার ড্রেসিংরুমে? হাসিমুখে শ্রীলঙ্কান অধিনায়কের জবাব, ‘কেন ভয় পাব? মেন্ডিস তখনো উইকেটে ছিল তো। আমরা তো জানি, ও ভালো ব্যাট করতে পারে।’ সাঙ্গাকারার এত প্রশংসার পাশাপাশি ম্যাথুস কৃতিত্ব দিয়েছেন শুরুতে জয়ের ভিত গড়ে দেওয়া তাঁর স্পিনারদেরও, ‘আজ আমরা একজন স্পিনার বেশি নিয়ে খেলেছিলাম। ওরা ভালো বল করেছে।’

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে জয়, গতকালের জয়টা রান তাড়া করে। এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে থাকা শ্রীলঙ্কা এখানকার কন্ডিশনের সঙ্গে যে দারুণভাবে মানিয়ে গেছে, সেটা তো দেখাই যাচ্ছে। তার ওপর কাগজে-কলমে টুর্নামেন্টের সবচেয়ে কঠিন দুই প্রতিপক্ষকে হারিয়ে পাচ্ছে ফাইনালের সুবাতাসও। ম্যাথুস অবশ্য এখনই এতটা নির্ভার হয়ে যেতে রাজি নন, ‘এখনো আমাদের আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে দুটো ম্যাচ খেলতে হবে। আফগানিস্তানের যে ভালো খেলার সামর্থ্য আছে, সেটা তো ওরা প্রথম ম্যাচেই দেখিয়েছে। আর নিজেদের মাঠে বাংলাদেশও খুবই শক্তিশালী দল। সুতরাং আমাদের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই।’