এত দিন যেটা করে এসেছে দক্ষিণ আফ্রিকা, কাল জোহানেসবার্গে শ্রীলঙ্কাই করতে যাচ্ছিল সেটা। তবে শেষ পর্যন্ত ‘চোকার’ হতে হয়নি সফরকারীদের। যখন মনে হচ্ছিল ৩১২ রান তাড়া করেও সহজেই জিতে যাচ্ছে লঙ্কানরা, তখনই ভজকট। ওপেনারদের দারুণ সূচনা ও মিডল অর্ডার আস্কিং রেটের সঙ্গে তাল মিলিয়ে রান করায় ৪৪ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৭৪ রান। ৬ ওভারে দরকার ৩৯ রান। মসৃণ এক সেঞ্চুরি করে ঠিক এক রান পরেই আউট সাঙ্গাকারা। এরপর দেখতে না-দেখতে ৩০৮/৮। দুই বলে ৫ রান দরকার—এই অবস্থায় ছক্কা মেরেই দলকে জেতালেন মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলা অফ স্পিনার সচিত্র সেনানায়েকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে কুমার সাঙ্গাকারার প্রথম ওয়ানডে সেঞ্চুরি (৯৭ বলে ১০২) ও লাহিরু থিরিমান্নের ফিফটিতেই (৬৯) টানা দ্বিতীয় ম্যাচে ৩০০ রানের লক্ষ্য তাড়া করে জিতে গেল শ্রীলঙ্কা। প্রথম তিন ম্যাচে হেরেই সিরিজ খোয়ানোর পর ২-৩ স্কোরলাইনটাকে একদম খারাপ দেখাচ্ছে না। এর আগে ৩৫ ম্যাচ পর ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন গ্রায়েম স্মিথ। ব্যাট হাতে অসাধারণ একটা সিরিজ কাটানো এবি ডি ভিলিয়ার্সও করেছিলেন অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরি। ইনিংসের শেষ ২৫ ওভারে ঝড় তুলে দক্ষিণ আফ্রিকা করেছে ৪ উইকেটে ৩১২ রান। এর ১০৯ রানই এসেছে আবার শেষ ১০ ওভারে। প্রথম ২৫ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে মাত্র ১০৩ রান দেওয়া শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে পরে ছিন্নভিন্ন করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রায়েম স্মিথের সঙ্গে তৃতীয় উইকেটে ডি ভিলিয়ার্সের জুটিটা ছিল ১৮৬ রানের। এই দুই দেশের মধ্যে হওয়া ৫১টি ওয়ানডেতে যেকোনো উইকেটে এটাই সর্বোচ্চ জুটি। মালিঙ্গার বলে চান্ডিমালের অসাধারণ ক্যাচ হয়ে স্মিথ ১২৫ রান করে আউট হলেও ডি ভিলিয়ার্স মাত্র ৯৮ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩১২/৪ (স্মিথ ১২৫, পিটারসেন ৬, ডু প্লেসিস ২৪, ডি ভিলিয়ার্স ১২৫*, অ্যালবি মরকেল ১৮, ডুমিনি ৫*; মালিঙ্গা ২/৭৯, সেনানায়েকে ১/৫০)। শ্রীলঙ্কা: ৪৯.৫ ওভারে ৩১৪/৮ (থারাঙ্গা ৪৬, দিলশান ৪১, সাঙ্গাকারা ১০২, চান্ডিমাল ২০, থিরিমান্নে ৬৯, ম্যাথুস ৬, পেরেরা ২, কুলাসেকেরা ০, হেরাথ ১*, সেনানায়েকে ৬*; পিটারসন ২/৩৮, ডুমিনি ২/৪৪, পারনেল ১/৫১, সতসোবে ২/৫৪)।ফল: শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: কুমার সাঙ্গাকারা।