সাঙ্গার ইতিহাস, ইতিহাসের সাঙ্গা

উদ্ভাসিত ছিল না উদ্যাপন। হয়ে পড়েননি বাঁধনহারা। ঠোঁট টিপে হাসির মতো যে ভঙ্গি করলেন, বাড়িয়ে বললেও সেটিকে মুচকি হাসি বলা মুশকিল। তবে কুমার সাঙ্গাকারা জানতেন। জানতেন নিজের কীর্তির বিশালত্ব। না জানলে সেটিই হতো বিস্ময়ের!
এমনিতে নিজের ক্যারিয়ার রেকর্ড ছাড়া বাকি রেকর্ড-পরিসংখ্যান নিয়ে মাথা ঘামান না প্রায় সব ক্রিকেটারই। তবে ক্রিকেট ইতিহাসের মনোযোগী ছাত্র হিসেবে একটা পরিচিতি আছে সাঙ্গাকারার। খুঁটিনাটি রেকর্ড জানার আশা করাটা বাড়াবাড়ি, তবে বড় কীর্তিগুলো নিশ্চয়ই জানেন। যেমন জানতেন ট্রিপল সেঞ্চুরির পিঠে সেঞ্চুরির কীর্তিতে প্রায় দুই যুগ ধরে আনন্দময় একাকিত্ব গ্রাহাম গুচের। কাল ফাল্গুনের আঁচলাগা মাঘের দুপুরে তিন অঙ্ক ছুঁয়ে যখন আর দশটা সেঞ্চুরির মতোই ব্যাট খানিকটা উঁচিয়ে ধরলেন সাদামাটাভাবে, সাঙ্গাকারা জানতেন এই সেঞ্চুরিটি বিশেষ কিছু। রেকর্ড বইয়ের দারুণ অভিজাত এক পাতায় গুচের সঙ্গী এখন তিনিও। শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকা একটি সূত্র নিশ্চিত করেছে, গুচের রেকর্ডের কথা আগে থেকেই জানতেন সাঙ্গাকারা। উদ্যাপনে তবু উচ্ছ্বাসের বাড়াবাড়ি নেই হয়তো তিনি সাঙ্গাকারা বলেই। সর্বকালের সেরাদের একজন হয়েও যিনি নিজেকে ভাবেন সাধারণ একজন। ক্রিকেটীয় কীর্তিতে আকাশ ছুঁয়েও বরাবর যাঁর পা থাকে মাটিতে।
ব্যাটিংয়ের মহিরুহ দুই দিন আগেই সংবাদ সম্মেলনে এসে আরেকবার দিয়ে গেছেন মাটির দিকে হেলে থাকার প্রমাণ। প্রথম ট্রিপল সেঞ্চুরি পেয়ে খুশির কথা জানিয়েছিলেন। প্রিয় বন্ধু মহেলা জয়াবর্ধনের পাশে খেলতে পারাই নাকি তার বড় পাওয়া। দ্রুততম ১১ হাজার রানের রেকর্ডে ব্রায়ান লারাকে পেছনে ফেলার পর বলেছিলেন, ব্যাটসম্যানশিপে তিনি লারার ধারেকাছেও নেই। ক্যারিয়ারের বাকি সময়টায় ক্রিকেটীয় আকাঙ্ক্ষার তালিকায় সবই দলীয় প্রাপ্তির ইচ্ছে। অথচ তিনি প্রায় প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে, জায়গা করে নিচ্ছেন সর্বকালের সেরাদের ছোট্ট
তালিকায়, আর তাঁকে ধরা দিচ্ছে দারুণ সব মাইলফলক। একই টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তিতে কাল যেমন নিজেকে অমর করে রাখলেন রেকর্ড বইয়ের আরেকটি পাতায়।
গুচের কীর্তিটি ছিল ১৯৯০ সালে ভারতের বিপক্ষে। নিজের সেরাটার জন্য সব সময় লর্ডসকেই বেছে নিতেন গুচ, ক্যারিয়ারের স্মরণীয়তম কীর্তিটির জন্যও বেছে নিয়েছিলেন ক্রিকেট-তীর্থকেই। প্রথম ইনিংসে ৩৩৩ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২৩। আট বছর পর কীর্তিটা প্রায় ছুঁয়েই ফেলেছিলেন মার্ক টেলর। পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৪ রানে নাটকীয় ইনিংস ঘোষণার পর অস্ট্রেলিয়া অধিনায়ক দ্বিতীয় ইনিংসেও পাচ্ছিলেন তিন অঙ্কের সুবাস। কিন্তু ৯২ রানে বোল্ড হয়ে যান আমির সোহেলের বাঁহাতি স্পিনে। ট্রিপল সেঞ্চুরির পিঠে ফিফটির কীর্তি আছে আর একটিই, সেটি আবার টেস্ট ইতিহাসের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ানেরই। ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে প্রথম ইনিংসে ইংলিশ ওপেনার করেছিলেন ৩২৫, দ্বিতীয় ইনিংসে ৫০। বিস্ময়কর হলেও সত্যি, সেটিই ছিল স্যান্ডহামের শেষ টেস্ট। কেন শেষ, সেই গল্প আপাতত তোলা থাক আরেক দিনের জন্য, কালকের গল্পই যে এখনো শেষ হয়নি! ইতিহাসে জায়গা পাওয়ার দিনে একটা আক্ষেপের গল্পও আছে সাঙ্গাকারার। দৃষ্টিসীমায় পেয়েও এভারেস্ট চূড়া ছুঁতে না পারা!
কাল সোহাগ গাজীর বলে যখন বোল্ড হলেন, আরেকটা কীর্তিতে তখন টেলরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন সাঙ্গাকারা। দুই ইনিংস মিলিয়ে সাঙ্গাকারার রান তখন ৪২৪, পেশোয়ারের টেলরের ছিল ৪২৬। টিভি পর্দার সামনে বসে হোক আর কোনোভাবে খবরটি জেনে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হয়তো গুচও। এক টেস্টে তাঁর ৪৫৬ রানের রেকর্ড যে বহাল তবিয়েতেই টিকে থাকল! লঙ্কান রেকর্ডে যথারীতি আবারও পেছনে ফেলেছেন বন্ধু জয়াবর্ধনেকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়াবর্ধনের ছিল ৩৭৪, এক ইনিংসেই। ওই ইনিংসে সাঙ্গাকারা করেছিলেন ২৮৭, দুজনের ৬২৪ রানের জুটি এখনো যেকোনো জুটিতে সর্বোচ্চ।
তবে গুচ-এভারেস্ট ছুঁতে না পারলেও নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ বিন্দু ঠিকই ছুঁয়েছে নতুন সীমারেখা। ক্যারিয়ারে প্রথমবার ব্যাটিং গড় ছাড়িয়েছে ৫৮। গড়ে আধুনিক গ্রেটদের কেউ তাঁর ধারেকাছে তো নেই-ই, টেস্ট ইতিহাসেই কমপক্ষে সাড়ে সাত হাজার রান করাদের মধ্যে সবচেয়ে বেশি গড় সাঙ্গাকারার।
এখনো যেভাবে খেলছেন, নিত্য যেমন নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াই, নিশ্চিত ধরা দেবে আরও অনেক মাইলফলক। কোন উচ্চতায় থামবেন, কে জানে! হয়তো জানেন না নিজেও। এমন ব্যাটিংয়ের পরও দুই ইনিংসেই আউট হওয়ার পর চোখে-মুখে যে হতাশা ফুটে উঠেছে, তাঁর গ্রেটনেসের রহস্য লুকিয়ে সেখানেই। সাঙ্গাকারার রানক্ষুধা কমার নয়!
এক টেস্টে সবচেয়ে বেশি রান
১ম ইনিংস ২য় ইনিংস ব্যাটসম্যান ম্যাচ ভেন্যু সাল
৪৫৬ ৩৩৩ ১২৩ গ্রাহাম গুচ ইংল্যান্ড-ভারত লর্ডস ১৯৯০
৪২৬ ৩৩৪* ৯২ মার্ক টেলর অস্ট্রেলিয়া-পাকিস্তান পেশোয়ার ১৯৯৮
৪২৪ ৩১৯ ১০৫ কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা-বাংলাদেশ চট্টগ্রাম ২০১৪
৪০০ ৪০০* - ব্রায়ান লারা ও. ইন্ডিজ-ইংল্যান্ড অ্যান্টিগা ২০০৪
৩৮০ ২৪৭* ১৩৩ গ্রেগ চ্যাপেল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়েলিংটন ১৯৭৪
৩৮০ ৩৮০ - ম্যাথু হেইডেন অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে পার্থ ২০০৩