সাঙ্গার ব্যাটে নতুন ইতিহাস

শত অনুরোধ, আকুতিতে মন গলেনি। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস শেষ পর্যন্ত হাঁটু মুড়ে বসে দুহাত জোড় করে বলেছেন, ‘প্লিজ, চলে যেয়ো না।’ শুনে বাকি সব দেশের বোলাররা একযোগে হাঁটু মুড়ে করজোড়ে বলতে পারেন, ‘প্লিজ, যথেষ্ট হয়েছে, আর থেকো না!’
কুমার সাঙ্গাকারা এমনই এক নাম। তাঁর অবসরের সিদ্ধান্ত বদলাতে অনুরোধ-মিনতির কমতি রাখেন না দলের অধিনায়ক। তিনি অবসরে গেলেই আবার স্বস্তি সব প্রতিপক্ষের!
ক্যারিয়ারের গোধূলিতে সাঙ্গার ব্যাটে মধ্যাহ্নের সূর্য হাসছেই। সেই তেজে ছারখার বোলাররা। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যাটের ধার। সেই ধারে কচুকাটা প্রতিপক্ষ। অর্জনের ভান্ডার সমৃদ্ধ হচ্ছে নিত্য। ২২ গজে ব্যাট হাতে নামা মানেই প্রতিদিন নতুন কিছুর হাতছানি। সেই ডাকে সাড়া দিয়ে ছুটছেন তিনিও। সাঙ্গার রানের জোয়ারে কাল ভেঙে গেল ইতিহাসের সীমানা। ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন টানা চার ম্যাচে সেঞ্চুরি!
বিশ্বকাপে এবার সেঞ্চুরির মালা গাঁথার শুরু তাঁর বাংলাদেশের বিপক্ষে ১০৫ রানের অপরাজিত ইনিংসটি দিয়ে। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৭, অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে ১০৪। সেঞ্চুরির মালায় রেকর্ডের ফুল হয়ে এল কাল স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস। বেলেরিভ ওভাল এমনিতেই তাঁর হৃদয়ের কোণে আলাদা জায়গা নিয়ে আছে। ২০০৭ সালে লি-জনসন-ম্যাকগিলদের বিপক্ষে হোবার্ট টেস্টের চতুর্থ ইনিংসে খেলেছিলেন ১৯২ রানের অসাধারণ এক ইনিংস। খুব ভালো ব্যাটসম্যান থেকে ‘গ্রেট’ হয়ে ওঠার পথে এগিয়ে চলার প্রমাণ ছিল ওই ইনিংস। কাল সেই মাঠেই ছুঁলেন নতুন উচ্চতা। হৃদয়ের একটা কোণ থেকে বেলেরিভ নিশ্চয়ই এখন বিশেষ জায়গা নিয়ে থাকবে সাঙ্গার হৃদয়ের ঠিক মাঝখানে!
ওয়ানডে ব্যাটিং রেকর্ডের এই প্রকোষ্ঠ বারবার আটকে যাচ্ছিল তিন সেঞ্চুরিতেই। ছয়-ছয়জন ব্যাটসম্যান থমকে গেছেন টানা তিন সেঞ্চুরিতে। ওই ছয়জনে সবচেয়ে আলোচিত নাম হার্শেল গিবস। টানা তিন সেঞ্চুরির পর চতুর্থ ম্যাচেও সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন। ২০০২ সালে, বেনোনিতে প্রতিপক্ষ বাংলাদেশ। চতুর্থ ম্যাচে যখন ব্যাট করছিলেন ৯৬ রানে, দলের জিততে চাই তখন ৬ রান। অলক কাপালি তখন ওয়াইড দিলেন লেগ স্টাম্পের অনেক বাইরে, বাউন্ডারি হয়ে ৫ রান! পরে গিবস ১ রান নিতেই জিতে গেছে দল। রেকর্ডবঞ্চিত করতে কাপালি ইচ্ছে করেই ওয়াইড দিয়েছেন দাবি করে অনেক ক্ষোভও ঝেড়েছেন গিবস। টানা ৩ সেঞ্চুরির প্রথম কীর্তিমান জহির আব্বাস আবার ৪র্থ ম্যাচে থমকে গিয়েছিলেন ৮২ রানে। জহিরের পর, গিবসের আগে-পরে টানা তিনে থেমেছেন সাঈদ আনোয়ার, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও রস টেলর। অবশেষে কাটল তিনের গোরো। সাঙ্গাকারা খুলে দিলেন নতুন দিগন্ত।
কাল সাঙ্গাকারার রেকর্ড নয় শুধু এই একটিই। টানা চার ম্যাচে তো বহুদূর, গোটা এক বিশ্বকাপেই ৪ সেঞ্চুরি ছিল না আর কারও। ৩ সেঞ্চুরির রেকর্ড ছিল যৌথভাবে মার্ক ওয়াহ, সৌরভ গাঙ্গুলী ও ম্যাথু হেইডেনের। বিশ্বকাপে প্রথম ২৫ ইনিংসে সাঙ্গার সেঞ্চুরি ছিল না একটিও। পরের ৯ ইনিংসেই হয়ে গেল ৫ সেঞ্চুরি! শচীন টেন্ডুলকারের ৬ সেঞ্চুরির রেকর্ডও এখন হাতছোঁয়া দূরত্বে। অ্যাডাম গিলক্রিস্টকে (৫২) ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ডিসমিসালও এখন তাঁর (৫৪)।
বয়স ৩৭ পেরিয়েছে গত অক্টোবরে। কাল ম্যাচ শেষে বললেন, শরীরের গিঁটগুলো নাকি তাঁর এখন ‘ক্যাঁচ ক্যাঁচ’ শব্দ করে জানান দেয় বয়স! বলার অপেক্ষা রাখে না, মজা করেই বলেছেন। ব্যাটে তো বয়সের ছাপ নেই!
সর্বোচ্চ আর তিনটি ম্যাচ খেলতে পারবেন। কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিটি ম্যাচে নামবেন শেষ ওয়ানডে ধরে নিয়ে। শেষটাও নিশ্চয়ই রাঙাতে চাইবেন। এখনই শেষ না বলে তাই সাঙ্গার আর কীর্তিগাথা দেখা আর লেখার অপেক্ষায় থাকাই শ্রেয়!