সাঙ্গার ব্যাটে মধ্যাহ্নের তেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি সেঞ্চুরি করার পর কুমার সাঙ্গাকারা l এএফপি
আরেকটি সেঞ্চুরি করার পর কুমার সাঙ্গাকারা l এএফপি

‘জুন-জুলাইয়ে কিছু টেস্ট আছে...ব্যস, ওই পর্যন্তই! জুনে আর আগস্টে টেস্ট সিরিজ খেলে আগস্টের শেষ নাগাদ আমারও শেষ...’
এই ‘শেষ’ মানে টেস্ট ক্যারিয়ারের শেষ। টি-টোয়েন্টি ছেড়েছেন, বিশ্বকাপ দিয়ে বিদায় জানাচ্ছেন ওয়ানডেকেও। টেস্ট ক্রিকেটের শেষটাও এখন দৃষ্টিসীমায়। কালকের ম্যাচের আগে কুমার সাঙ্গাকারা জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার ইতি টানবেন আগামী আগস্টেই।
শেষের ঘোষণা দেওয়া ওই লাইনটির একেকটি শব্দ নিশ্চয়ই শেল হয়ে বিঁধেছে লঙ্কান মনে! সিডনিতে কালকের ইনিংসটির পর তো আরও বেশি করে। এমনিতেই কিছুদিন ধরে সাঙ্গাকারার ব্যাটিং-শৌর্য মুগ্ধতা জাগানোর পাশাপাশি ছড়িয়ে দিচ্ছে নিকট ভবিষ্যতের অজানা আতঙ্ক। তাঁর একেকটি ধ্রুপদি শটে গ্যালারিতে বা টিভি সেটের সামনে লাফিয়ে ওঠা দর্শক পরমুহূর্তেই অনুভব করেন বুকে চাপা বেদনা। তাঁর একেকটি ইনিংসে গর্বে বুক ফোলানো বা কুর্নিশ করা দর্শক পরমুহূর্তেই ডুবে যান হতাশায় বা যন্ত্রণায়। এই ব্যাটিং-বীর, এই নায়ক, এই রানশিল্পীকে ২২ গজে এভাবে রাজত্ব করতে, এভাবে আলপনা আঁকতে দেখা যাবে তো মাত্রই আর কটা দিন!
বিশ্বকাপ দিয়ে ওয়ানডেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পরও অনেকে আশাবাদী ছিলেন। জোরজবরদস্তি, অনুরোধ, আকুতি চলছিল। টেস্ট যেহেতু খেলবেন আরও কিছুদিন, ওয়ানডেও যাতে চালিয়ে যান। এখন টেস্টে শেষের ঘোষণাও এসে গেল। প্রিয় সংস্করণটাই যখন ছাড়ছেন, ওয়ানডের সিদ্ধান্তও নিশ্চয়ই বদলাবেন না!
শেষের ঘোষণার পরপরই কাল আরেকটি দুর্দান্ত ইনিংস খেললেন বলেই শেষ নিয়ে এত আলোচনা আর দুঃখের কথামালা। নইলে কালকের আলোচনায় থাকতে পারত শুধু তাঁর কীর্তিগুলোই। কাল ৩৯ রানের মাথায় ওয়ানডে ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ১৪ হাজার রান। কিংবা অন্যভাবে ব্যাখ্যা করা যেতে পারে। ওয়ানডের রান-সেঞ্চুরিতে শচীন টেন্ডুলকার নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, অনেক সময় তাঁকে হিসাবের বাইরেই রাখতে হয়। আর বাকিদের মধ্যে শুধু সাঙ্গাকারাই ছুঁলেন নতুন চূড়া!
আরেকটি কীর্তিতে অবশ্য টেন্ডুলকার বা অন্য কাউকেই বিবেচনার বাইরে রাখার প্রয়োজন নেই। ১৯৯৬ বিশ্বকাপে মার্ক ওয়াহ বা ২০০৩ বিশ্বকাপে যখন এক আসরে তিন সেঞ্চুরি করলেন সৌরভ গাঙ্গুলী, বিস্ময় হিসেবে খবরের শিরোনাম হয়েছিলেন দুজনই। সাঙ্গাকারা সেখানে সেঞ্চুরি করলেন টানা তিন ম্যাচে! বলার অপেক্ষা রাখে না, বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম। আগের দুই ম্যাচে ছিল অপরাজিত সেঞ্চুরি, তিন ম্যাচজুড়ে টানা ৩২৬ রান করার পর তবেই কাল স্বাদ পেলেন আউট হওয়ার। ওয়ানডেতে টানা চার সেঞ্চুরির প্রথম কীর্তিও এখন অসম্ভব নয়, হোবার্টের ব্যাটিং-স্বর্গে পরের ম্যাচে প্রতিপক্ষ যে স্কটল্যান্ড! এবি ডি ভিলিয়ার্সকে (৩১৮) ছাড়িয়ে কাল এই বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরারও (৩৭২) হয়ে গেছেন।
সাঙ্গাকারার একেকটি দুর্দান্ত ইনিংস, নতুন সাফল্যগাথা, রেকর্ডের মালা আর নতুন চূড়ায় ওঠা তাই লঙ্কানদের আনন্দে ভাসায় বটে, তবে তাতে মিশে থাকে কষ্টের সুরও। গোধূলিবেলায়ও যদি থাকে মধ্যাহ্নের তেজ, কে চাইবে সেই সূর্যকে ডুবতে দিতে!
তাঁর টানা তিন সেঞ্চুরি
১০৫*(৮৬ বল) ১১৭* (৮৬) ১০৪ (১০৭)
বাংলাদেশ ইংল্যান্ড অস্ট্রেলিয়া