সাচ্চা পাকিস্তানি এক ‘ইংলিশ’
পাকিস্তানের হয়ে খেলতে চান, কিন্তু কদিন আগে ভারত সফরের পাকিস্তান দলে ডাক পেয়েও খেলেননি। বিশ্বজুড়ে খেলে বেড়াচ্ছেন টি-টোয়েন্টি, অথচ তাঁকে এখনো বেশি টানে বড় দৈর্ঘ্যের ক্রিকেট। ইংলিশ ক্রিকেটার পরিচয়ে খেলছেন বিপিএল-আইপিএল, যদিও নিজেকে মনে করেন সাচ্চা পাকিস্তানি। আজহার মেহমুদের ক্যারিয়ারে এখন অদ্ভুত এক অধ্যায়। বৈপরীত্যে ভরা, কিন্তু সাজানো-গোছানো। নানা টানাপোড়েন, তবু উপভোগ্য!২৮ ফেব্রুয়ারি পূর্ণ করবেন ৩৮। এই ‘বুড়ো’ বয়সেই পাকিস্তানের হয়ে আবার খেলার ডাক এসেছিল কদিন আগে। প্রবল ইচ্ছে থাকা সত্বেও বাস্তবতার কাছে হার মেনেছেন। মিরপুরের মিডিয়া রুমে কদিন আগে বরিশাল বার্নার্সে খেলা অলরাউন্ডার ক্যারিয়ারের পড়ন্ত বেলার আক্ষেপ করলেন, ‘কদিন আগের ভারত সফরে টি-টোয়েন্টি দলে আমাকে নিতে চেয়েছিল। কিন্তু আমি চেয়েছিলাম এক বছরের চুক্তি। কারণ ক্যারিয়ারের এই পর্যায়ে ঝুঁকি নেওয়া সম্ভব নয়। আমার বয়স তো আর ২৭ নয়, ৩৭। পরিবারের নিরাপত্তার কথা ভাবতে হয়েছে আমাকে। দুটি টি-টোয়েন্টির জন্য সব ছেড়েছুড়ে আসাটা কঠিন ছিল।’এই ‘সব’ ছেড়েছুড়ে আসা মানে ‘ইংলিশ সত্তা’ ছেড়ে আসা। বিয়ে-থা করে ইংল্যান্ডে থিতু, নাগরিকত্ব পেয়েছেন পাঁচ বছর। তাঁর পরিচয় এখন ইংলিশ ক্রিকেটার। এই পরিচয়েই খেলছেন পাকিস্তানিবিহীন আইপিএল-বিপিএলে। তবে নিজেকে ইংলিশ ভাবতে পারেন না। প্রশ্নের মাঝখানেই থামিয়ে দিলেন, ‘দেখুন, ইংলিশ পরিচয়ে খেলছি বাস্তব কারণে। আমি পেশাদার ক্রিকেটার, ক্রিকেট আমার রুটি-রুজি। পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএল-বিপিএলে খেলতে পারছে না, আমার দেশের বোর্ডও আমাকে আর্থিক নিরাপত্তা দিয়ে আপন করে নিতে পারছে না। যেহেতু আমার সুযোগ আছে, এ জন্যই ইংলিশ পরিচয়ে খেলছি। কিন্তু মনে-প্রাণে আমি সাচ্চা পাকিস্তানি।’আবেগ ও বাস্তবতার বৈপরীত্য এখানেই। মনে-প্রাণে পাকিস্তানি দাবি করলেও ক্যারিয়ার, পরিবারের কথা ভেবে আপন বানিয়েছেন ইংল্যান্ডকে। নিজের দেশের বোর্ড, ক্রিকেট সিস্টেমের ওপর ক্ষোভ-অভিমানও আছে। শুরুতেই ক্রিকেট-বিশ্ব নাড়িয়ে দিয়েছিলেন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে টেস্ট অভিষেক, আট নম্বরে নেমে সেঞ্চুরি, শেষ উইকেট জুটির বিশ্ব রেকর্ড, দ্বিতীয় ইনিংসে অপরাজিত ফিফটি। দেশের বাইরে প্রথম টেস্টেও সেঞ্চুরি জোহানেসবার্গে। পরের টেস্টে, ডারবানের মাইনফিল্ডে ৮৯ রানে ৫ উইকেট পড়ার পর নেমে ডোনাল্ড-পোলক-ক্লুজনার-ডি ভিলিয়ার্সদের বিপক্ষে ১৬৩ বলে ১৩২। উইজডেনের সর্বকালের সেরা ইনিংসের তালিকায় ওটা আট নম্বরে (অথচ সেরা এক শতে নেই টেন্ডুলকারের কোনো ইনিংস)। ব্যাটিং-বোলিংয়ে অপরিহার্য হয়ে উঠেছিলেন ওয়ানডেতে। অথচ এমন শুরুর পরও ২১ ম্যাচে থমকে গেল টেস্ট ক্যারিয়ার, শেষ টেস্ট খেলে ফেললেন মাত্র ছাব্বিশেই (২০০১ সালে)! ১৪৩ ওয়ানডের শেষটি খেলেছেন সেই ২০০৭ বিশ্বকাপে।রুমের এক পাশে ব্র্যাড হজের মতো চরম দুর্ভাগা একজনকে দেখেই হয়তো দুঃখ কিছুটা কমল, ‘আক্ষেপ নেই। কত হাজার হাজার ক্রিকেটার এসেছে, আমার সমান ম্যাচই-বা খেলতে পেরেছে কতজন! আক্ষেপ কেন থাকবে বলুন...।’ বললেন বটে, তবে দীর্ঘশ্বাস লুকিয়ে রাখতে পারলেন না, ‘হয়তো পাকিস্তানের হয়ে আরও বেশি খেলতে পারতাম আমি, খেলা উচিত ছিল.. চেষ্টা করেছি ফিরতে, পারফর্ম করেছি। কিন্তু পাকিস্তানে শুধু পারফর্ম করাটাই যথেষ্ট নয়। আরও অনেক ব্যাপার ছিল ভেতরে, অভ্যন্তরীণ রাজনীতি...অনেকেই আমাকে দলে চায়নি...।’ ভারী করে তোলা পরিবেশটাকে নিজেই আবার হালকা করলেন, ‘আমার ক্যারিয়ারের এই সময়টা তাদের জন্য জবাব, যারা আমাকে দল থেকে ছুড়ে ফেলেছে। তারা দেখছে বিশ্বজুড়ে আমার চাহিদা, দেখছে আমি এখনো পারফর্ম করছি। আর এই যে ভারত সফরের দলে ডাকা হলো, সেটাও বড় একটা তৃপ্তি...শেষ পর্যন্ত হয়তো বনিবনা হয়নি, কিন্তু আমার কাছে ফিরতে তো হলো!’ক্যারিয়ারের গোধূলিতে তাঁর তৃপ্তি এই টি-টোয়েন্টি। টি-টোয়েন্টির এই যাযাবর খেলছেন আটটি দেশের টি-টোয়েন্টি লিগে। এই লিগগুলোর পারফরম্যান্সেই তো জাতীয় নির্বাচকেরা কড়া নাড়লেন! টি-টোয়েন্টির কাছে কৃতজ্ঞ, তবে প্রথম শ্রেণীর ক্রিকেটই তাঁকে টানে। যত দিন শরীরে কুলোয় খেলে যেতে চান কেন্টের হয়ে। বিপিএলের দুই আসরেই খেললেন, আসতে চান পরেরবারও, তখন দেখতে চান পাকিস্তানি ক্রিকেটারদের, ‘ক্রিকেট ও রাজনীতি আলাদা দুটি ব্যাপার, দুই দেশের বোর্ডের রেষারেষিতে ভুগতে হলো পাকিস্তানের ক্রিকেটারদের। আশা করি, পরেরবার সব ঠিক হয়ে যাবে।’পাকিস্তানি ক্রিকেটাররা আসবেন কিনা সময় বলবে। তবে ‘ইংলিশ’ মেহমুদ আসবেন নিশ্চিত!