সাজাই পেতে হলো টেরিকে
পাঁচ দিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। কুইন্স পার্ক রেঞ্জার্স (কিউপিআর) ডিফেন্ডার অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে তার পরের দিনই শুনানি শুরু হয়েছিল জন টেরির। কালই জানা গেল রায়, সাজাই পেতে হচ্ছে টেরিকে। চেলসি অধিনায়ককে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। দুই লাখ ২০ হাজার পাউন্ড অর্থাৎ দুই কোটি ৯২ লাখ টাকা জরিমানাও দিতে হবে তাঁকে। ১৪ দিনের মধ্যে অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন, এই সময়ের মধ্যে শাস্তিটা কার্যকর হবে না। তার মানে আগামীকাল নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে ম্যাচটা খেলতে পারছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। গত বছরের অক্টোবরের ঘটনার জের ধরেই এই শাস্তি ঘোষণা করা হলো। কিছুদিন আগে কিউপিআরের সঙ্গে খেলায় টেরির সঙ্গে হাতও মেলাননি ফার্ডিনান্ড। টেরি অবশ্য বরাবরই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন। এএফপি।