আদালত অবমাননার শঙ্কায় সাবের হোসেন চৌধুরীর পক্ষ মনোনয়নপত্রই তোলেনি। বিসিবির নির্বাচনে এখন তাই কার্যত শুধু নাজমুল হাসানের পক্ষই অংশ নিচ্ছে। বিসিবি সভাপতি পদে নাজমুল হাসানকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দেওয়া এই কাউন্সিলরদের মধ্যে কাল পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৩৮ জন, যাঁদের মধ্যে আছেন নাজমুল হাসান নিজেও। মনোনয়নপত্র তুলেছিলেন ৪৩ জন কাউন্সিলর।
আর কেউ মনোনয়নপত্র না তোলায় গত মঙ্গলবারই চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আকরাম খান ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে আ জ ম নাসিরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে যায়। কাল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন খুলনা থেকে অনানুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার শেখ সোহেল ও যশোর জেলা ক্রীড়া সংস্থার কাজী ইনাম আহমেদ।
ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাবগুলো থেকে নাজমুল হাসানের প্যানেলে থাকা সম্ভাব্য ১৪ কাউন্সিলরের বাইরেও মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও সাত কাউন্সিলর। এই শ্রেণী থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। অথচ সাবের হোসেন চৌধুরীর পক্ষ নির্বাচনে অংশ না নেওয়ার পরও শুধু সম্মিলিত পরিষদ থেকেই তার চেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। গুঞ্জন আছে আইসিসির কাছে নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ দেখাতেই এই সাজানো মনোনয়নপত্র জমা দেওয়া। অবশ্য এর কারণ হিসেবে ব্রাদার্সের কাউন্সিলর ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। তাতে যদি কোনো কারণে কেউ বাদ পড়ে যায়, তাহলেও যাতে প্যানেল গঠনে সমস্যা না হয়, সে জন্যই কিছু বেশি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।’
এক পক্ষ অংশ না নেওয়ার পরও জমজমাট লড়াই হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া ক্যাটাগরি-৩-এ। এই শ্রেণী থেকে মনোনয়নপত্র তুলেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান অস্থায়ী কমিটির সদস্য গাজী আশরাফ হোসেন, আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ এবং কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। কাল এই তিন প্রার্থীই জমা দিয়েছেন তাঁদের মনোনয়নপত্র। ৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকলেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই শ্রেণীতে কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না। তাঁদের মধ্যে খালেদ মাহমুদ বর্তমান অস্থায়ী কমিটির সদস্য ছিলেন। ক্লাবের কোচিংকে বড় মনে করে তিনি পদত্যাগ করেন। বড় একটা বিতর্কেও জড়িয়ে আছে তাঁর নাম। বিপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করা মোহাম্মদ আশরাফুল আকসুকে দেওয়া জবানবন্দিতে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বলে যে তিনজন সাবেক ক্রিকেটারের নাম বলেছেন, খালেদ মাহমুদ তাঁদের অন্যতম।
ওদিকে নির্বাচনের আগে পর্যাপ্ত সময় ও নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়ে পরশু আপিল বিভাগে করা ফোরাম সভাপতি ইউসুফ জামিলের আবেদনটি কাল আদালতে ওঠেনি। ইউসুফ জামিলের আইনজীবী মাহবুব শফিক কাল টেলিফোনে জানিয়েছেন, ‘আগামী রোববার আবেদনটি কোর্টে উঠবে এবং শুনানি হবে।’