সাজার শঙ্কায় ইউনাইটেড
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ শেষ হয়েছে দুই দিন আগেই। কিন্তু বিতর্কিত পেনাল্টিকে ঘিরে এখনো উত্তেজনার রেণু ভেসে বেড়াচ্ছে বাতাসে। ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা এবার সেই বিতর্কের পালে দিল নতুন হাওয়া। ম্যাচের পর বাধ্যতামূলক সংবাদ সম্মেলনে আসেননি নানির লাল কার্ডে ক্ষুব্ধ স্যার অ্যালেক্স ফার্গুসন। তাঁর বদলে এসেছিলেন সহকারী কোচ মাইক ফেলান। উয়েফার নিয়ম অনুযায়ী সংবাদ সম্মেলনে আসার বাধ্যবাধকতা আছে কোচের। সেই নিয়ম না মানায় উয়েফার শৃঙ্খলা কমিটির জেরার মুখে পড়তে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ২১ মার্চ উয়েফার এক বৈঠকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।শাস্তির শঙ্কায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডও। নানিকে লাল কার্ড দেখানোর পর রেফারির উদ্দেশে বিদ্রূপাত্মক করতালি দিয়েছিলেন। উয়েফার তদন্তে দোষী প্রমাণিত হলে নিষেধাজ্ঞাও জুটতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের কপালে। ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশার পেছনে অবশ্য যথেষ্ট কারণ আছে। নানির ওই বিতর্কিত লাল কার্ডেই যে ঘুরে গিয়েছিল ম্যাচের মোড়। হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। এএফপি, ওয়েবসাইট।