সাত উইকেটে জিতল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১০৪ রানের। প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়েছে ১০৩ রানেই। জবাবে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ভালো ব্যাটিংয়ে হেসেখেলেই জয় পেয়েছে টাইগাররা। মাত্র তিন উইকেট হারিয়ে ৩৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুশফিক বাহিনী।দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ৩৭ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন সাকিব।এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। মাশরাফি বিন মুর্তজার ক্ষুরধার বোলিংয়ে অবশ্য সূচনাটা ভালোই হয়েছিল বাংলাদেশের। দলীয় ৩ রানেই প্রথম উইকেটের পতন ঘটে আইরিশদের। দ্বিতীয় উইকেটও পড়ে সেই ৩ রানেই। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে আয়ারল্যান্ড পরিণত হয় ৬/৫৮-এ। মাশরাফি ও ইলিয়ান সানি ১৪ রানেই যথাক্রমে ৩টি ও ২টি উইকেট নিয়ে আয়ারল্যান্ড একাদশের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দেন। প্রাথমিক বিপর্যয়ের ফলে আর ঘুরে দাঁড়াতে না পারা আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ১০৩ রানেই। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন জোনস।