সাত দিন খেলেই বিশ্বকাপে!

কমলা রঙের জার্সি পরে গ্যালারিতে চুপচাপ বসে ছিলেন হুগো ফন ডার মির ও এল সানটিং। দুই বন্ধুরই মন খারাপ। মিরের কবজি পর্যন্ত ব্যান্ডেজ। সানটিংয়ের বাঁ হাতের বুড়ো আঙুল ভাঙা। স্লিংয়ে হাত ঝুলিয়ে বসে আছেন পল্টনের শেখ কামাল রোলার স্কেটিং কমপ্লেক্সে। হল্যান্ডের এই দুই খেলোয়াড়ের এটিই প্রথম বিশ্বকাপ।
‘রবিন ফন পার্সি, আরিয়েন রোবেনের দেশের দুই খেলোয়াড় আপনারা। আপনাদের স্বাগত!’ মিরের মুখে চওড়া হাসি, ‘ওরাও দেশের হয়ে বিশ্বকাপে খেলেছে। আমরাও খেলতে এসেছি...।’ কিন্তু ফুটবল বিশ্বকাপের মতো অতটা কঠিন পথ পাড়ি দিয়ে এঁদের ঢাকায় আসতে হয়নি। মির জানালেন নিজেদের স্বল্প প্রস্তুতির কথা, ‘মাত্র দুই সপ্তাহ আগে রোলবল খেলাটা শুরু করেছি। এখনো নিয়মকানুনই ঠিকমতো জানি না।’ শুধু কি তাই? স্কেটিংটাও ভালোমতো রপ্ত করতে পারেননি। কাল জাম্বিয়ার সঙ্গে খেলতে গিয়েই তাই দুর্ঘটনা ঘটেছে। ছয়জন খেলোয়াড় নিয়ে ঢাকায় এসেছে হল্যান্ড রোলবল দল। দুজনই চোটে পড়ে বসে আছেন গ্যালারিতে। খেলোয়াড়-সংকটে ভুগছে তারা। আজ খেলতে হবে চীনা তাইপের সঙ্গে। এ অবস্থায় খেলবেন কীভাবে? সানটিংয়ের উত্তর, ‘এখন আমরা হাসপাতালে যাব। চিকিৎসক খেলতে অনুমতি দিলে খেলব। না হলে কী আর করা! এখানে এসেছি। মজা করে সময় কাটিয়ে দেব।’
দুই বন্ধু পড়াশোনা করছেন হল্যান্ডের উটরেখ্ট বিশ্ববিদ্যালয়ে। বন্ধুর প্রস্তাবেই মির এসেছেন ঢাকায়। মাত্র এক সপ্তাহের প্রস্তুতিতে বিশ্বকাপে! ভবিষ্যতে নাতি-নাতনিদের কাছে গল্প করার খোরাক পেয়ে গেছেন দুই ডাচ খেলোয়াড়।