সাত বছর আগে-পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর আগে: চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বল করছেন। ইনিংসের দ্বিতীয় ওভার, টেস্ট ক্রিকেটে নিজের প্রথম। সামনে ভারতের ওপেনার বীরেন্দর শেবাগ। প্রথম বলেই চার! টেস্ট ক্রিকেটে স্বাগতম।সাত বছর পর: মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। এবার বাংলাদেশের পঞ্চম ওভার, নিজের প্রথম। সামনে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ। প্রথম বলটাই অফ স্টাম্পের বাইরে পড়ে ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। টেস্ট ক্রিকেটে ফেরার উদ্যাপন হলো উইকেট পাওয়ার আনন্দে।২০০৪-এর ডিসেম্বরে অভিষিক্ত নাজমুল হোসেন তাঁর দ্বিতীয় টেস্ট খেললেন ২০১১-এর ডিসেম্বরে। সেবারও টেস্ট শুরু হয়েছিল ১৭ ডিসেম্বর, এবারও। পার্থক্য শুধু ওই প্রথম বলটাতেই। সাত বছর আগে শুরুটা কেমন ছিল তা মনে না থাকলেও নিজেকে এখন অনেকটাই পরিণত মনে করছেন নাজমুল, ‘সাত বছর বিশাল গ্যাপ। মাঝে ওয়ানডে খেললেও টেস্ট খেলা হয়নি। সে জন্য আজ (গতকাল) বল করার আগে একটু নার্ভাস লাগছিল। তবে বোলিং করে মনে হয়েছে এই সাত বছরে বোলার হিসেবে অনেক পরিণত হয়েছি।’ভারতের বিপক্ষে ওই টেস্ট আর পাকিস্তানের বিপক্ষে এই টেস্টের মাঝে কোনো টেস্টই খেলেননি। যদিও গত জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ছিলেন। এতে অভ্যস্তই হয়ে গিয়েছিলেন নাজমুল। প্রায়ই কারও চোট-আঘাত তাঁকে ওয়ানডে দলে আনে। এসে বসে থাকেন ড্রেসিংরুমে। কখনো খেলার সুযোগ পেয়ে ভালো বল করেও পরের ম্যাচে বাদ পড়েন টিম কম্বিনেশনের মারপ্যাঁচে। সময়ের স্রোত নাজমুলকে বুঝিয়েছে, তিনি এক হতভাগা ক্রিকেটার। তবে আবার টেস্ট দলে ফিরে এখন আশাবাদী, ‘আমার পেস বেশি নেই, লাইন-লেংথই বড় শক্তি। চেষ্টা করব সেটা ধরে রেখে ভালো বল করে যেতে। সকালের দিকে উইকেটে সাহায্য করে পেসারদের। সুযোগ পেলে সেটাকে কাজে লাগাব।’কাল প্রথম বলেই উইকেট পেয়ে আনন্দে ভেসে গিয়েছিলেন। সন্ধ্যায় টেলিফোনে বলছিলেন, ‘পাকিস্তান দলে এ মুহূর্তে হাফিজই সেরা ফর্মে। প্রথম বলেই ওকে ফেরাতে পেরে বেশি ভালো লেগেছে।’শেবাগের চার ও হাফিজের উইকেটই চিনিয়ে দিচ্ছে সাত বছর আগে-পরের নাজমুলকে। তিনি নিজেও মনেপ্রাণে চাইছেন টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন আন্তর্জাতিক ক্রিকেটেই ভাগ্যটা ফিরিয়ে দিক।