সাত বছর পর
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের কৃত্রিম টার্ফে কদিন আগের সেই জমাট বাঁধা শ্যাওলা নেই। বেশ চকচকে সবুজ টার্ফের ওপর অনুশীলন করে চলেছেন গাজীপুরের হকি খেলোয়াড়েরা। সাউথ ইস্ট ব্যাংক ২২তম জাতীয় যুব হকির উদ্বোধনী দিনে কিশোর হকি খেলোয়াড়দের পদচারণে কাল মুখর হয়ে উঠেছিল স্টেডিয়াম। সকালে ম্যাচ শেষ করা দিনাজপুরের খেলোয়াড়দের বিকেলে ব্যস্ত দেখা গেল গ্যালারিতে বসে অন্য দলের খেলা দেখতে। অনেক দিন বাদে কর্মকর্তাদের দেখা গেল ব্যস্তভাবে ফেডারেশন বারান্দায় ছোটাছুটি করতে! প্রায় সাত বছর পর মাঠে গড়াল জাতীয় যুব হকি। দলবদল নেই, প্রিমিয়ার ডিভিশন, জাতীয় চ্যাম্পিয়নশিপেরও কোনো খোঁজখবর নেই। সর্বশেষ রুটিন টুর্নামেন্ট স্বাধীনতা দিবস হকি হয়েছিল গত মে মাসে। এত দিন পর অন্তত একটা টুর্নামেন্ট মাঠে নামাতে পেরে বেশ স্বস্তির নিঃশ্বাসই ফেলতে দেখা গেল ফেডারেশন কর্মকর্তাদের। মাঠে কেন খেলা নেই? সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন পৃষ্ঠপোষকতার অভাবকেই দায়ী করলেন, ‘হকি একটা ব্যয়বহুল খেলা। আমরা চাইলেও একটা টুর্নামেন্ট সহজে করতে পারি না। আমাদের জন্য সরকারি বাজেট বছরে মাত্র ১২ লাখ টাকা। ফেডারেশনের কর্মচারীদের বেতন, টেলিফোন আর বিদ্যুৎ বিল দিতেই এটা চলে যায়। স্বাভাবিকভাবেই একটা টুর্নামেন্ট চালাতে গেলে পৃষ্ঠপোষকদের দিকে তাকিয়ে থাকতে হয়। আর যখন স্পনসর থাকে না, তখন খেলাধুলাও থাকে না।’ তবে অনেক দিন পর মাঠে খেলা আনতে পেরে বেশ খুশিই তিনি। বললেন, ‘এখন থেকে নিয়মিতই মাঠে খেলা রাখব।’ উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল বেলা সাড়ে তিনটায়, সেটা হলো প্রায় ঘণ্টা খানেক পর। এরপর শুরু দিনের শেষ ম্যাচ। এর আগে অবশ্য সকালে ও দুপুরে হয়েছে আরও তিনটি ম্যাচ। এবারের যুব হকিতে আট গ্রুপে অংশ নিচ্ছে দেশের ২৪টি জেলা দল। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল দুই ভাগে খেলবে সুপার লিগে। শুভ সূচনা করেছে দিনাজপুর, নড়াইল, নাটোর ও রংপুর। দিনাজপুর ৫-০ গোলে খুলনাকে, নড়াইল ৬-০ গোলে নওগাঁকে, নাটোর ৮-০ গোলে শেরপুরকে ও রংপুর ২-১ গোলে গাজীপুরকে হারিয়েছে। ম্যাচসেরা হয়েছেন দিনাজপুরের খায়রুল, নড়াইলের রানা, নাটোরের সাইদুর ও রংপুরের মিন্টু।