সাত বছর পর উপজাতি হকি
২০০৪ সালে দেশে প্রথম অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৬ উপজাতি হকি। আয়োজক বাংলাদেশ হকি ফেডারেশন এরপর আর টুর্নামেন্টটি চালু রাখতে পারেনি। সাত বছর পর তা আবার শুরু হচ্ছে আগামীকাল থেকে। ছয়টি দল নিয়ে পাঁচ দিনের টুর্নামেন্ট চলবে মওলানা ভাসানী স্টেডিয়ামে। বাংলাদেশ হকি ফেডারেশনের উন্নয়ন কর্মসূচির অংশ এই টুর্নামেন্ট। ‘ক’ গ্রুপে খেলছে রাঙামাটি, বান্দরবান ও পঞ্চগড়। ‘খ’ গ্রুপে দিনাজপুর, খাগড়াছড়ি ও সিলেট। পৃষ্ঠপোষক এস আলম গ্রুপ। কাল হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, অংশ নেওয়া জেলা দলগুলোকে এক মাস প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চল বা চট্টগ্রামে টুর্নামেন্টটি আয়োজন করার পরিকল্পনা ছিল ফেডারেশনের। কিন্তু মাঠ পাওয়া যায়নি। সে কারণেই শেষমেশ ঢাকাকেই ভেন্যু করা হয়েছে। একসময় সিলেট অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে উঠে এসেছিলেন রামা লুসাই, জুম্মন লুসাইদের মতো খেলোয়াড়েরা। বর্তমান জাতীয় দলে আছেন পার্বত্য অঞ্চলের পুস্কর খীসা মিমো। ফেডারেশন মনে করছে, উপজাতিদের মধ্যে লুকিয়ে আছে অনেক তরুণ প্রতিভা। এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী দিনে জাতীয় দল আরও উপজাতি খেলোয়াড় পাবে বলে আশা করছেন কর্মকর্তারা।