সাত বছর পর ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের দুই দিন বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেল, জাতীয় লিগের শিরোপা ঢাকা বিভাগেরই। খেলাটা যখন কক্সবাজারে, উদ্যাপনের জন্য অবারিত সমুদ্র সৈকত তো আছেই! সৌজন্য ছবি
ম্যাচের দুই দিন বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেল, জাতীয় লিগের শিরোপা ঢাকা বিভাগেরই। খেলাটা যখন কক্সবাজারে, উদ্যাপনের জন্য অবারিত সমুদ্র সৈকত তো আছেই! সৌজন্য ছবি

কাল সকালে হঠাৎই ঝড় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই ঝড়ে মাত্র ২৯ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে এলোমেলো ঢাকা বিভাগের ইনিংস। ৬ উইকেটে ১২০, ড্রেসিংরুমের আবহটা গুমোটই হওয়ার কথা। কিন্তু চট্টগ্রাম থেকে উড়ে আসা একটা খবর যেন সতেজ হাওয়া বয়ে নিয়ে এল পাশের বঙ্গোপসাগর থেকে। চট্টগ্রামে ২০৭ রানে অলআউট রাজশাহী। যার অর্থ, উড়ে গেছে সামান্য অনিশ্চয়তাটুকুও। শেষ পর্বের ম্যাচের দুই দিন না যেতেই চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ! লিগ জেতার ভুলে যাওয়া স্বাদটা সাত বছর পর আবার পেল মোহাম্মদ শরীফের দল। পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে রাজশাহীর রেকর্ড ছুঁয়ে ফেলা দলটি দিনের শেষে সাফল্য উদ্যাপন করল সমুদ্রস্নান করে।
শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার দিনটা সেঞ্চুরি দিয়ে উদ্যাপন করেছেন নুরুল হাসান। প্রথম শ্রেণীর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া এই উইকেটকিপার অধিনায়ক শরীফের সঙ্গে অষ্টম উইকেটে ৮৪ রান যোগ করে সামলেছেন বিপর্যয়। ২৫২ রান, খুলনার ২৪৩ রান টপকে প্রথম ইনিংসে ৯ রানের লিডও নিয়েছে দলটি। নুরুলের ১৪৫ বলের ইনিংসে চার ৮টি, ছয় ৪টি। খুলনার অধিনায়ক আবদুর রাজ্জাক ১০১ রানে নিয়েছেন ৬ উইকেট। সর্বশেষ তিন ইনিংসে ১৯ উইকেট এই বাঁহাতি স্পিনারের। ৩ উইকেটে ৯৪ রান করে দিনের শেষে ৮৫ রানে এগিয়ে গেছে গতবারের চ্যাম্পিয়নরা।
চট্টগ্রামে ৭ উইকেটে ১৩৯ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী আর ৬৮ রান যোগ করেই অলআউট হয়েছে। ৮১ রানের লিড নেওয়া দলটি দিনের শেষে অবশ্য পিছিয়ে ১৭২ রানে। ঢাকা মহানগর ৫ উইকেটে করেছে ২৫৩। এর ১৬১ রানই সাদমান ইসলাম ও সৈকত আলীর উদ্বোধনী জুটির। ৮৫ রান করেছেন অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান সাদমান। আহত হয়ে সাজঘরে ফেরা সৈকত করেছেন ৯৪।
ফতুল্লায় ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পেয়েছেন রংপুরের ধীমান ঘোষ (১৪৯)। বরিশালের ২৮৯ টপকে তাঁর দল এগিয়ে গেছে ৫৭ রানে। বিকেএসপিতে ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন চট্টগ্রামের ফয়সাল হোসেন (৫/৩৬)।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা বিভাগ-খুলনা, কক্সবাজার
খুলনা: ২৪৩ ও ৯৪/৩ (ইমরুল ৩৮, এনামুল ৩৬*; শুভাগত ২/৮, মাসুম ১/১৭)। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ২৫২ (নুরুল ১০১, মজিদ ৪২, রনি ৪২, শরীফ ৩৬; রাজ্জাক ৬/১০১, নাহিদুল ২/৩২, মোস্তাফিজুর ১/৪১)।

রাজশাহী-ঢাকা মহানগর, চট্টগ্রাম
ঢাকা মহানগর: ১২৬ ও ২৫৩/৫ (সৈকত ৯৪*, সাদমান ৮৫, আসিফ ৫২*; সানজামুল ২/৪৭, তাইজুল ২/৫৪, হাবিবুর ১/৩১)। রাজশাহী ১ম ইনিংস: ২০৭ (সাব্বির ৬৪, মুক্তার ৩৯, মুশফিক ২২; আবু বকর ৪/৩৬, শহীদ ৩/৩৩, তালহা ১/২৬, ইলিয়াস ১/২৯, আসিফ ১/৩২)।

সিলেট-চট্টগ্রাম, বিকেএসপি
চট্টগ্রাম: ২১৩ ও ১৫২/৩ (নাজিমউদ্দিন ৬৮, মুমিনুল ৫৩*; ইরফান ২৪; সাদিকুর ৩/৩৮)। সিলেট ১ম ইনিংস: ১৯০ (রাজিন ৫৯, অলক ২৮, এনামুল জু. ২৩; ফয়সাল ৫/৩৬, আকবর ২/৭১, আল মামুন ১/৮, সাইফউদ্দিন ১/২০, ইউনুস ১/২১)।

রংপুর-বরিশাল, ফতুল্লা
বরিশাল ১ম ইনিংস: ২৮৯। রংপুর ১ম ইনিংস: ৩৪৬/৫ (ধীমান ১৪৯, নাঈম ৬০, তানভীর ৩৮*, নাসির ৩২, তারিক ২৬, কল্যাণ ২২; মনির ৩/৯১, মঈনুল ১/২০, সোহাগ ১/১০৯)।