সাত বছর পর সেমিফাইনালে ইন্টার
রাশিয়ায় আসার পর থেকেই মুখটা গোমড়া করে রেখেছিলেন হোসে মরিনহো। সিএসকেএ মস্কো তাদের লিগ ম্যাচটা ‘সুকৌশলে’ বাতিল করে দিয়ে বাড়তি বিশ্রাম নিয়েছে, মাঠটা কৃত্রিম ঘাসের—এসব নিয়েই মুখ ভার। রাশিয়া থেকে হাসিমুখেই ফিরছেন ‘স্পেশাল ওয়ান’। সাত বছর পর ইন্টার মিলানকে যে তুলে দিলেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। প্রথম কোচ হিসেবে ভিন্ন ভিন্ন তিনটি দলকে (পোর্তো, চেলসি, ইন্টার) সেরা চারে নিয়ে আসার কৃতিত্ব দেখালেন এই পর্তুগিজ কোচ। এএফপি।ম্যাচের ছয় মিনিটে ফ্রি কিক থেকে গোল এনে দেন ওয়েসলি স্নাইডার। দুই লেগ মিলে ২-০-তে এগিয়ে থেকেই শেষ পর্যন্ত জিতেছে ইন্টার। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে লাল কার্ডের খাঁড়ায় ওদিয়াকে হারিয়ে ১০ জনের দল হয়ে পড়ে সিএসকেএ। তার পরও ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছে স্বাগতিকেরা। দুই দশকের মধ্যে প্রথম রাশিয়ান দল হিসেবে সেরা চারে উঠে আসার স্বপ্ন তাদের শেষ পর্যন্ত পূরণ হয়নি।ইন্টারের অপেক্ষাটাও ছিল সাত বছরের। ২০০৩ সালে সর্বশেষ সেমিফাইনালে উঠেছিল তারা। অবশেষে মরিনহোর হাত ধরেই অবসান হলো সেই অপেক্ষার। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, এবার যখন হাতের নাগালে এসেছে, শিরোপাটা আবার ছুঁয়েই দেখতে চান মরিনহো। ২০০৩-০৪ মৌসুমে সর্বশেষ পোর্তোর হয়ে ইউরোপ-সেরার ট্রফিটা পেয়েছিলেন এই ৪৭ বছর বয়সী। ম্যাচ শেষে কাল খোশ মেজাজে পাওয়া গেলেও এর আগে কিন্তু সিএসকেএকে স্বভাবসুলভ ভাষায় ‘ধুয়ে’ দিয়েছিলেন। ছোটখাটো খোঁচা নয়, মরিনহো এবার সিএসকেএ মস্কোকে রীতিমতো ‘বোমা’ উপহার দিয়েছেন। পারলে এমনই বলে বসেন, কদিন আগে মস্কোর বোমা হামলাটি সিএসকেএ-ই ঘটিয়েছে! চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের আগে শনিবার রাশিয়ান লিগে সিএসকেএর ম্যাচ ছিল সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে। মস্কোতে আত্মঘাতী বোমা হামলায় সে ম্যাচটি বাতিল হয়ে গেছে। ফলে স্বাগতিকেরা পেয়েছে বাড়তি বিশ্রামের সুযোগ। ]মেসির হ্যাটট্রিক: সেমিফাইনালে ইন্টারের প্রতিপক্ষ বার্সেলোনা কিংবা আর্সেনাল। কাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা চলছিল। তবে প্রথমার্ধেই লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা।