সাত বছরের জেল হতে পারে শ্রীশান্তদের

আইপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্ডিলাকে। প্রতারণামূলক ষড়যন্ত্র করার অভিযোগ এনে ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে দিল্লি পুলিশ। তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে সাত বছরের জন্য কারাগারে যেতে হতে পারে এই তিনজনকে। আর তেমনটি হলে তাঁরাই হবেন দুর্নীতির দায়ে কারাগারে যাওয়া প্রথম ভারতীয় ক্রিকেটার।
২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছিলেন পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। এরপর বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও পেয়েছিলেন তাঁরা। তবে ভারতীয় ক্রিকেট অঙ্গনে দুর্নীতির দায়ে কারাবাসের ঘটনা আগে কখনো ঘটেনি। মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজাকে ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ করা হলেও ওই সময় যথাযথ প্রমাণের অভাবে অপরাধী আইনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাঁদের বিরুদ্ধে। তবে এবার হয়তো পার পাবেন না শ্রীশান্তরা। কারণ দিল্লি পুলিশের হাতে বেশ কিছু প্রমাণ ইতিমধ্যেই মজুদ রয়েছে।
২০১০ সালে ইংল্যান্ডের পুলিশ বিভাগ যেভাবে হাতেনাতে ধরতে পেরেছিল স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত পাকিস্তানের ক্রিকেটারদের, ঠিক একই পদ্ধতি অনুসরণ করেছে দিল্লি পুলিশ। জুয়াড়িদের সঙ্গে ক্রিকেটারদের ফোনালাপ ও বার্তা রেকর্ড করে আইপিএলের এই স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছেন দিল্লির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখন এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে আনা হচ্ছে দর্শকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ। যার শাস্তি হিসেবে সাত বছরের জন্যও কারাগারে কাটাতে হতে পারে শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্ডিলাকে। আর যদি দিল্লি পুলিশের হাতে এমন প্রমাণ এসে যায় যে এই ক্রিকেটাররা স্পট ফিক্সিংয়ের ক্ষেত্রে তাঁদের দলের মালিকদের ‘এজেন্ট’ হিসেবে কাজ করেছেন, তাহলে সর্বোচ্চ ১০ বছরের জন্যও কারাদণ্ড হতে পারে।— টাইমস নিউজ নেটওয়ার্ক