সাত ব্যাডমিন্টন খেলোয়াড় সাময়িক নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা নয়, খেলার বাইরের ঘটনাবলি নিয়েই বেশি আলোচনায় আসছে ব্যাডমিন্টন। কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব, অবিশ্বাস আরও বেড়েছে; যার সর্বশেষ উদাহরণ হয়ে এল সাত খেলোয়াড়ের ওপর ফেডারেশনের দেওয়া সাময়িক নিষেধাজ্ঞা।আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া সামার ওপেন ব্যাডমিন্টনে খেলতে পারবেন না গত লিগের রানার্সআপ নিট কনসার্নের সাত খেলোয়াড় বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান, মহিলা বিভাগে বর্তমান রানারআপ এলিনা খান ও শাপলা আক্তার, ওহিদুজ্জামান রাজু, মোহাম্মদ হান্নান, মোস্তফা মোহাম্মদ জাবেদ এবং তুষার। ফেডারেশন থেকে এঁদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, তদন্ত চলাকালে অভিযুক্ত সাত খেলোয়াড় খেলার বাইরে থাকবেন।এই খেলোয়াড়দের বিরুদ্ধে ফেডারেশনের অভিযোগ, খেলোয়াড়েরা ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কটাক্ষ এবং বিভিন্ন জাতীয় দৈনিকে ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বিভিন্ন মন্তব্য করেছেন। এ জন্য আজ এই খেলোয়াড়দের সবাইকে দুই সদস্যের তদন্ত কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবলি রুবায়েতুল ইসলাম।এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করলেও ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়দুর রহমানকে পাওয়া যায়নি। তবে এনায়েত উল্লাহ খান তাঁদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলেছেন। তাঁর ভাষায়, গোটা ব্যাপারটাই উদ্দেশ্যমূলক। এতে তাঁরা সবাই হতাশ।