সাত মাস পর শরিফের মুক্তি
নয় লাখ টাকার দায় থেকে অবশেষে মুক্তি পেলেন এনামুল হক শরিফ। মুক্তিযোদ্ধাকে নয় লাখ টাকা দিয়ে দিয়েছে মোহামেডান। দীর্ঘ সাত মাস পর শরিফের মানসিক অশান্তি দূর হলো এতে।মোহামেডানের অধিনায়ক এবার ফুটবল মৌসুমের শুরুতে মুক্তিযোদ্ধার কাছ থেকে নয় লাখ টাকা নেন। কিন্তু নাম লেখান মোহামেডানে। মুক্তিযোদ্ধাকে মোহামেডান নয় লাখ টাকা দিয়ে দেবে বলে দুই পক্ষে সমঝোতা হয়। কিন্তু টাকা কি আর সহজে পায় মুক্তিযোদ্ধা! এ নিয়ে দেনদরবার, মামলা—সবই হয়েছে। একটা বিব্রতকর অবস্থায় পড়েছিলেন শরিফ। শরিফের মাঠের পারফরম্যান্স, পারিবাবিক ও সামাজিক জীবনেও এর প্রভাব পড়েছিল বলে তাঁর দাবি।মুক্ত শরিফ কাল বলছিলেন, ‘দেরিতে হলেও আমার ক্লাব মুক্তিযোদ্ধার টাকাটা দিয়ে দেওয়ায় খুবই ভালো লাগছে।’ ওদিকে মুক্তিযোদ্ধার ম্যানেজার আবদুস সাত্তারও খুশি, ‘মোহামেডানের কাছ থেকে টাকাটা পেয়েছি। দেরিতে হলেও তারা টাকা পরিশোধ করায় আমরা খুশি।’