সাত ম্যাচ আগেই বায়ার্নের উৎসব
মাঠে শিরোপা উৎসবে তাঁরও থাকার কথা ছিল। কথা ছিল গার্দিওলাকে আলিঙ্গনে বাঁধবেন। কিন্তু কলঙ্ক গায়ে মেখে বায়ার্ন মিউনিখের শিরোপা উৎসব দেখছেন দূর থেকে। করসংক্রান্ত মামলায় সাড়ে তিন বছরের কারাদণ্ড পেয়ে উলি হোয়েনেস ক্লাব সভাপতির দায়িত্ব ছেড়েছেন। তবে বায়ার্ন কোচ পেপ গার্দিওলা বুন্দেসলিগার ট্রফিটা উৎসর্গ করলেন বায়ার্ন কিংবদন্তিকেই।
উৎসবের সব প্রস্তুতি সারাই ছিল। শিরোপা যে এবারও বায়ার্নের হাতে উঠছে সেটা বোঝা গিয়েছিল মৌসুমের মাঝামাঝি এসেই। পরশু হার্থা বার্লিনকে ৩-১ গোলে হারিয়ে সাত ম্যাচ হাতে রেখেই সেই আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে বায়ার্ন। গোল করেছেন টনি ক্রুস, মারিও গোটশে ও ফ্রাঙ্ক রিবেরি। গতবার ইয়ুপ হেইঙ্কেসের বায়ার্ন শিরোপা নিশ্চিত করেছিল ছয় ম্যাচ আগে। দুঃসাধ্য রেকর্ডকে এবার গার্দিওলার দল কমিয়ে দিল আরও এক ম্যাচ! নতুন ক্লাবের দায়িত্ব নেওয়ার পর গার্দিওলা আগে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। এবার পেলেন বুন্দেসলিগা। বাকি শুধু জার্মান কাপ ও চ্যাম্পিয়নস লিগ।
হেইঙ্কেসের দেখানো পথে গার্দিওলা রোবেন-রিবেরিদের আরও যূথবদ্ধ, আরও শাণিত করেছেন। জয়ের পর যথার্থ দীক্ষাগুরুর মতো গার্দিওলা কৃতিত্ব দিলেন খেলোয়াড়দেরই, ‘আমি অনেক গ্রেট খেলোয়াড়কে পেয়েছি বলেই এত শিরোপা জিততে পেরেছি। প্রশংসাটা তাদেরই প্রাপ্য, তারা আসলেই অবিশ্বাস্য।’
গার্দিওলা নিজের কথা কী বলবেন! সেটি বলবেন অন্যরা। গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার যেমন বললেন, ‘আমরা এই মৌসুমে দুর্দান্ত খেলেছি। গার্দিওলাকে পেয়ে আমরা খুবই খুশি। তিনি আমাদের খেলাটা আরও শাণিত করেছেন।’ বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাথিয়াস সামারের সুরও একই, ‘হেইঙ্কেস যে ভিত্তিটা গড়ে দিয়েছেন গার্দিওলা সেটাকে আরও শক্ত করেছেন। গার্দিওলা শুধু একজন বিশেষজ্ঞই নন, অনন্য মানুষও বটে।’ চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগের কথা, ‘তাঁর (গার্দিওলার) মতো পরিশ্রম করতে আমি কাউকে দেখিনি।’
এতসব প্রশংসায় এখনই নিশ্চয়ই আপ্লুত নন গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগ এখনো বাকি। চ্যাম্পিয়নস লিগ নাম ধারণের পর ইউরোপের ক্লাব-শ্রেষ্ঠত্বের মুকুট টানা দুবার পরতে পারেনি কোনো দল। সবার ধারণা, বায়ার্নই হয়তো গড়তে যাচ্ছে সেই রেকর্ড। এএফপি।