সাতাশ বছর পর মেরিনার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ বছর পর স্বপ্নপূরণ হলো মেরিনার্সের। আনন্দে এক খেলোয়াড়কে কাঁধে তুলে নাচতে শুরু করে দিলেন সতীর্থরা। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে  l জাহিদুল করিম
২৭ বছর পর স্বপ্নপূরণ হলো মেরিনার্সের। আনন্দে এক খেলোয়াড়কে কাঁধে তুলে নাচতে শুরু করে দিলেন সতীর্থরা। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে l জাহিদুল করিম

ম্যাচ শেষে বাঁধভাঙা দর্শক-জোয়ার। নীল টার্ফ মাড়িয়ে সবাই ছুটলেন মেরিনার ইয়াংসের খেলোয়াড়দের কাছে। খেলোয়াড়সহ দলের জার্মান কোচ গেরহার্ড পিটারও ছুটে এসেছেন ভিআইপি গ্যালারির দিকে। কর্মকর্তারা এসে জড়িয়ে ধরলেন সবাইকে। খেলোয়াড়দের সঙ্গে সেলফি উঠতে লাগল সমর্থকদের। আনন্দে গোলবারের ওপর উঠে পা ঝুলিয়ে বসলেন খেলোয়াড়দের কেউ কেউ। আগাম ঈদ আনন্দই যেন হয়ে গেল আরামবাগবাসীর! প্রথমবারের মতো যে প্রিমিয়ার হকি লিগের শিরোপা গেল আরামবাগের ক্লাব মেরিনার্সে। ১৯৮৯ সালে যাত্রা শুরু, ২৭ বছর পর এসে স্বপ্নপূরণ হলো ক্লাবটির।
মওলানা ভাসানী স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে ঊষা ক্রীড়াচক্রকে ৩-২ গোলে হারিয়েই কাল চ্যাম্পিয়ন হয়ে গেল মেরিনার্স। চ্যাম্পিয়ন হতে মেরিনার্সের প্রয়োজন ছিল ড্র। তবে

.
.

চারবারের চ্যাম্পিয়ন ঊষাকে জিততেই হতো। অলিখিত ‘ফাইনালে’ ড্র নয়, জিতেই চ্যাম্পিয়ন মেরিনার্স।
ঊষার দুটি গোল করেছেন হাসান যুবায়ের নিলয় ও পুস্কর খীসা মিমো। মেরিনার্সের গোলদাতা ওয়াকাস শরীফ, আরশাদ হোসেন ও ইশতিয়াক আহমেদ। ৪৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন মেরিনার্স; ৩৮ পয়েন্ট রানার্সআপ ঊষার।
মাঠের খেলার মতো উত্তেজনা ছিল গ্যালারিতেও। শুরুর ঘণ্টা খানেক আগেই ভিআইপি গ্যালারি উপচে পড়ে। মেরিনার্সের হকি কমিটির ক্যানসার আক্রান্ত চেয়ারম্যান মোমিনুল হক সাঈদ এই ম্যাচ দেখতে কাল সিঙ্গাপুর থেকে উড়ে আসেন দেশে। ম্যাচের ১৮ মিনিট পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। এরপরই শুরু গন্ডগোল।
মেরিনার্সের সমর্থকেরা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে লঙ্কাকাণ্ড বাধিয়ে দেন। তখন ২-০-তে এগিয়ে ঊষা। মেরিনার্সের পাকিস্তানি খেলোয়াড় তৌফিক আম্পায়ারের সঙ্গে তর্ক করে সবুজ কার্ড দেখেন। এরই প্রতিবাদে মেরিনার্সের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ও সমর্থকেরা মিলে গ্যালারি থেকে চেয়ার ভাঙতে শুরু করেন। মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা ওই সময় ভিআইপি গ্যালারিতে গিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকের কাছে আম্পায়ারিংয়ের মান নিয়ে অভিযোগ জানান। দুজনের কথোপকথনের দৃশ্যটি মোহামেডানের এক কর্মকর্তা মুঠোফোনে ভিডিও করছিলেন। নিষেধ করা সত্ত্বেও তিনি কাজটি করতে থাকায় মেরিনার্স সমর্থকেরা ভাঙচুর শুরু করেন। ফেডারেশনের জানালার কাচ চুরমার হতে থাকে। গ্যালারি থেকে সাঁই সাঁই করে মাঠে ছুটতে থাকে ভাঙা চেয়ারের টুকরো। মাঠের পাশে বসা ফটোসাংবাদিক, বলবয়সহ অন্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় বেজায় ক্ষুব্ধ সাধারণ সম্পাদক আবদুস সাদেক, ‘মেরিনার্সের সেক্রেটারি রানা সাহেব উত্তেজিত হয়ে আমার সঙ্গে তর্ক শুরু করেন। আমি তাঁর কাছে এটি আশা করিনি। সুষ্ঠুভাবে খেলা পরিচালনার বড় অন্তরায় এগুলো। এভাবে খেলা চালানো যায় না।’ রানার দাবি, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এতে খেলায় কোনো প্রভাব পড়েনি।’
গন্ডগোলের জন্য প্রায় ১৬ মিনিট খেলা বন্ধ ছিল। দ্বিতীয়ার্ধেও অনেকবার খেলা বন্ধ থেকেছে রিভিউয়ের পক্ষে-বিপক্ষে আবেদন হওয়ায়।
ঊষার কোচ মামুনুর রশীদ তাঁর দলের হারে এই গন্ডগোলেরই দায় দেখেন, ‘খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের পরিকল্পনামতোই সব চলছিল। কিন্তু দুই গোল খাওয়ার পর ওরা সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে। এরপর আমাদের পাকিস্তানিরা ভয়ে খেলতে পারেনি। ম্যাচের ছন্দপতন হয়েছে তখনই।’ চ্যাম্পিয়নদের কোচ গেরহার্ডের মুখে চওড়া হাসি, ‘ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। এরই ফল পেয়েছে ওরা।’