সাতাশে ছাব্বিশ সেল্টিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতরফা আধিপত্যেরও তো একটা সীমা থাকে! কিন্তু স্কটিশ প্রিমিয়ারশিপে সেল্টিক যেটা করছে, সেটাকে এখন আর শুধু একতরফা আধিপত্য বলার কোনো উপায় নেই। ২৭টি করে ম্যাচ হয়েছে, দ্বিতীয় স্থানে থাকা অ্যাবারডিনের চেয়ে এখনই ২৭ পয়েন্ট এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। বাকি ১১ ম্যাচের তিনটি জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে সেল্টিকের। মে মাসের শেষে যে শিরোপা উৎসব হওয়ার কথা, সেটা হয়ে যেতে পারে এপ্রিলের প্রথম সপ্তাহেই!

১২টি দল খেলে বলে স্কটিশ প্রিমিয়ারশিপ লিগের কাঠামো কিছুটা অন্য রকম। প্রথম পর্যায়ে প্রতিটি দল একে অন্যের সঙ্গে তিনটি করে ম্যাচ খেলে। এভাবে প্রতিটি দলের ৩৩টি করে ম্যাচ হয়ে যাওয়ার পর পয়েন্ট তালিকা অনুযায়ী দলগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়। প্রতি ভাগে থাকে ছয়টি করে দল। এই ছয় দল আবার একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলে।

প্রথম পর্যায়ে ২৭টি ম্যাচ খেলে এখনো হারেনি সেল্টিক। ২৬ জয়ের পাশাপাশি একটা মাত্র ড্র গত সেপ্টেম্বরে ক্যালেডোনিয়ান থিসলের সঙ্গে। লিগ শিরোপা জেতা তো প্রায় নিশ্চিতই, সেল্টিক গড়তে পারে একটা বিশ্ব রেকর্ডও। দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে সবচেয়ে বেশি পয়েন্টের ব্যবধান রেখে শিরোপা জেতার বিশ্ব রেকর্ডটা আপাতত ভাগাভাগি করছে ফ্রান্সের পিএসজি ও মিসরের আল আহলি। ২০০৪-০৫ মৌসুমে আল আহলি ইজিপশিয়ান প্রিমিয়ার লিগ জিতেছিল ৩১ পয়েন্টের ব্যবধানে, পরে গত মৌসুমে সমান ব্যবধানে লিগ ওয়ান জিতে সে রেকর্ড স্পর্শ করে পিএসজি।

রেকর্ডটা ভাঙতে হলে অবশ্য শুধু সেল্টিক নিজেরা জিতলেই হবে না, হারতে হবে অ্যাবারডিনকেও। পরের তিনটি ম্যাচে সেল্টিকের প্রতিপক্ষ তৃতীয় স্থানে থাকা রেঞ্জার্স, সপ্তম স্থানে থাকা ডান্ডি ও চতুর্থ স্থানে থাকা হার্টস। অন্যদিকে অ্যাবারডিন পরের তিনটি ম্যাচ খেলবে হার্টস, ডান্ডি আর ১০ নম্বরে থাকা মাদারওয়েলের বিপক্ষে। অ্যাবারডিন অবশ্য এরই মধ্যে লিগে সাতটা ম্যাচ হেরেছে, ড্র করেছে চারটি। রেকর্ডটা নিজেদের করে নেওয়ার আশা তাই করতেই পারে সেল্টিক। উয়েফা, ডেইলি মেইল।