সাতাশে জিয়ার তেরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শিরোপা জয়ের আগে দাবা বোর্ডে মগ্ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান l প্রথম আলো
কাল শিরোপা জয়ের আগে দাবা বোর্ডে মগ্ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান l প্রথম আলো

প্রয়োজন ছিল মাত্র আধা পয়েন্ট। সেই আধা পয়েন্ট তুলে নিয়েই কাল জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়ে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ১২ চালের মাথায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ড্রয়ের প্রস্তাব দিতেই সেটি লুফে নিয়েছেন তিনি। কাল ১৩তম এবং শেষ রাউন্ডে জিয়া কালো ঘুঁটি নিয়ে খেলেছেন ক্যারোকান-ডিফেন্স পদ্ধতিতে, রাজীব ক্লাসিকাল বিশ্লেষণ ধারায়। শেষ রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগরের সঙ্গে ড্র করে রানার্সআপ হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। ১৩ খেলায় ১১ পয়েন্ট জিয়ার, নিয়াজের পয়েন্ট সাড়ে দশ।  

১৯৮৮ সালে জাতীয় দাবায় প্রথম শিরোপা জেতা জিয়া এর পর থেকে নিয়মিত বিরতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। এই ২৭ আসরে ১৩ বারই চ্যাম্পিয়ন। বাকি ১৪ বারের মধ্যে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ছয়বার, গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও রাজীব দুবার করে চ্যাম্পিয়ন হয়েছেন। একবার করে চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ, ফিদে মাস্টার রেজাউল হক ও সৈয়দ তাহমিদুর রহমান। জিয়া সর্বশেষ জেতেন ২০১১ সালে।

 চ্যাম্পিয়নের মুকুট ফিরে পেয়ে খুব খুশি জিয়া, ‘গত কয়েক মাস ধরেই অলিম্পিয়াডসহ বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছি ইউরোপে। এরই প্রভাব পড়েছে এবারের জাতীয় দাবায়। তা ছাড়া এবার নিয়াজ ভাই, রাকিব, রাজীব বেশ কিছু ম্যাচ অপ্রত্যাশিতভাবে হেরে গেছেন। যে কারণে আমার জন্য কাজটা সহজ হয়ে গেছে।’ তবে জিয়া শুধু জাতীয় দাবার সাফল্যেই মগ্ন থাকতে চান না, ‘এই ধারাবাহিকতাটা ধরে রেখে নিয়মিত দেশে ও বিদেশে টুর্নামেন্ট খেলতে হবে আমাকে।’ মূলত চার গ্র্যান্ডমাস্টারের মধ্যেই ভাগাভাগি হচ্ছে জাতীয় দাবার শিরোপা। নতুন মুখ কেন উঠে আসছে না? জিয়ার উত্তর, ‘গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে অন্যদের খেলার মানের একটা তফাত রয়েছে সব সময়। গ্র্যান্ডমাস্টারদের অভিজ্ঞতা অনেক বেশি। বেশি রাউন্ডের টুর্নামেন্টে পার্থক্যটা বোঝা যায়। আর অন্য দাবাড়ুদের সর্বোচ্চ পর্যায়ের সুযোগই হচ্ছে এই জাতীয় দাবা। তাই বেশি করে টুর্নামেন্ট না খেললে নতুন খেলোয়াড় উঠে আসবে না।’ জিয়া প্রশংসা করলেন সম্ভাবনাময় দাবাড়ু মাসুম হোসেনের। টানা দুই ম্যাচে দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আবদুল্লাহ আল রাকিবকে হারিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন মাসুম। ১৩ খেলায় সমান সাড়ে নয় পয়েন্ট করে পেয়েছেন গতবারের চ্যাম্পিয়ন রাকিব ও রাজীব। তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য দুজনকেই খেলতে হবে প্লে-অফ। একইভাবে পঞ্চম ও ষষ্ঠ স্থানের জন্য প্লে-অফ খেলতে হচ্ছে মিনহাজউদ্দিন ও শেখ নাসিরকে। দুজনেরই পয়েন্ট সাড়ে আট করে।