সাতে মিলে সাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ার-সেরা ইনিংস বোলিং, ম্যাচে প্রথম ১০ উইকেট—লর্ডস টেস্টটাকে হয়তো কখনোই ভুলবেন না স্টুয়ার্ট ব্রড। শুধু ব্রডের হূদয়ে নয়, প্রথম ইনিংসের ৭ উইকেট কিন্তু জায়গা পেয়ে গেছে ইতিহাসেও। ৭ উইকেটের সাত ক্যাচ নিয়েছেন যে ভিন্ন সাত ফিল্ডার! অ্যান্ডারসন-বেয়ারস্টো-ব্রেসনান-প্রায়র-স্ট্রাউস-সোয়ান আর ব্রড নিজে। কোনো একজনের বোলিংয়ে সাত ভিন্ন ফিল্ডারের ক্যাচ টেস্ট ইতিহাস এর আগে দেখেছিল একবারই, সেই ১৯২৮-২৯ অ্যাশেজে। সেবারও অদ্ভুত কীর্তিটি এক ইংলিশ বোলারের বোলিংয়ে। অ্যাডিলেডে বাঁহাতি স্পিনার জ্যাক হোয়াইটের ৮ উইকেটের দুটি ক্যাচ নিয়েছিলেন মরিস টেট, বাকি ছয়টি ছয়জন। ছয়জন ভিন্ন ফিল্ডারের ক্যাচ নেওয়ার ঘটনা আছে ১১টি, সর্বশেষটি এই দুই দলের লড়াইয়েই। ২০০৭ সালে, টেস্ট অভিষেকে ড্যারেন স্যামির ৭ উইকেটে ক্যাচ নিয়েছিলেন ছয়জন ফিল্ডার।