সাতের সাতকাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল সিরিজ হারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা স্মরণীয় হয়ে থাকবে আবদুল রাজ্জাকের কাছে। দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা ইনিংসগুলোর একটি খেলেছেন। চতুর্থ ম্যাচে ছুঁয়েছেন এমন এক মাইলফলক, যেখানে এর আগে পৌঁছাতে পেরেছেন ওয়ানডে ইতিহাসে কেবল একজন! সাত নম্বরে নেমে দুই হাজার রান হয়ে গেছে রাজ্জাকের, এর আগে যে কীর্তি ছিল শুধু ক্রিস হ্যারিসের। ২১৩ ওয়ানডে ইনিংসের ১০৪টি হ্যারিস খেলেছেন সাতে, ৩১.৩২ গড়ে রান ২১৩০। ৮৩ ইনিংসে রাজ্জাকের রান এখন ২০০৪, গড় ৩২.৮৫। হ্যারিস খেলা ছেড়েছেন ছয় বছর আগে, রাজ্জাকের বয়স এখন মাত্র ৩০। কিউই অলরাউন্ডারকে ছাড়িয়ে যাওয়ার সব সম্ভাবনাই তাই আছে পাকিস্তানি অলরাউন্ডারের। ১৬৩৩ রান নিয়ে এই দুজনের পরে আছেন সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক শন পোলক, সাতে নেমে কপিল দেব করেছেন ১৪৯৯ রান। তালিকায় আছেন একজন বাংলাদেশিও, ১০৭৩ রান করে নয় নম্বরে আছেন খালেদ মাসুদ। সবচেয়ে বেশি নয়টি করে ফিফটি হ্যারিস ও রাজ্জাকের। তবে রাজ্জাকের মতো কোনো সেঞ্চুরি নেই হ্যারিসের।