ওয়ানডেতে সাত নম্বরে নেমে সেঞ্চুরি করা কঠিন। অথচ জানলে অবাক হবেন পরশু আবুধাবিতে আবদুল রাজ্জাকের ১০৯ রানের ইনিংসটিও সাত নম্বরে নামা ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস নয়! সাতে নেমে সেঞ্চুরির দুরূহ কাজটি রাজ্জাককে নিয়ে করলেন সাতজন। সবার ওপরে মহেন্দ্র সিং ধোনি। তবে ভারতে ধোনি নন, এশিয়া একাদশের ধোনি! ২০০৭ সালের আফ্রো-এশিয়া কাপে এখনকার ভারত অধিনায়ক করেছিলেন ৯৭ বলে অপরাজিত ১৩৯! ধোনির মাত্র তিন দিন আগে মোহাম্মদ কাইফ ও টমাস ওডয়োর কাছ থেকে রেকর্ডটি কেড়ে নিয়েছিলেন শন পোলক। এশিয়া একাদশের বিপক্ষে আফ্রিকা একাদশের হয়ে তিনি করেছিলেন ১১০ বলে ১৩০। ৩১৭ রান তাড়া করতে নেমে তার পরও অবশ্য আফ্রিকা একাদশ ম্যাচ হেরেছিল ৩৪ রানে। ২০০২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের কাইফ ও ২০০৭ সালে কানাডার বিপক্ষে কেনিয়ার ওডয়ো করেছিলেন ১১১। সাত নম্বরের বাকি দুই সেঞ্চুরিয়ান দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্প ও শ্রীলঙ্কার হাশান তিলকরত্নে। রানের রেকর্ড না হলেও সাতে নেমে সবচেয়ে বেশি ১০টি ছক্কার রেকর্ড গড়েছেন রাজ্জাক, ৭টি ছয় নিয়ে দুইয়ে কেম্প।