ক্যারিয়ারের শেষবেলায়ও আগের মতোই উজ্জ্বল রজনী কান্ত বর্মণ। রক্ষণে খেলেন বলে সেভাবে আলোয় থাকেন না। তবে নিজের কীর্তি দিয়ে বারবারই নিজেকে চেনাচ্ছেন রজনী। এর আগে শেখ জামালের বিপক্ষে দারুণ হেডে গোল করেছিলেন। কাল সেটিকেও ছাপিয়ে গেলেন।রজনীর পায়ে অসাধারণ গোল দেখে মুগ্ধ বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শক। মোহামেডান তখন এগিয়ে ১-০ গোলে। বক্সের ওপর থেকে বলটা এমনভাবেই প্লেস করলেন যে দ্বিতীয় পোস্ট ঘেঁষে বল বাঁক খেয়ে গেল জালে। এরপর মোহামেডান আরও একটি গোল করেছে। ফেনী সকারের বিপক্ষে জয়টা শেষ পর্যন্ত ৩-১ গোলে। আগেই অবনমন অঞ্চল থেকে নিজেদের মুক্ত করেছে মোহামেডান। এখন যতটা সামনে এগোনো যায় আর কি! তাই কাল তিন পয়েন্ট পাওয়ায় খুশির আবহ ছিল মোহামেডানে। তবে কোচ এমেকা অবশ্য অতৃপ্ত, ‘তিন পয়েন্ট পাওয়ার কৃতিত্ব ছেলেদের দেব। তবে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’ অবনমন বাঁচানোর জন্য এদিন সকারের দরকার ছিল জয়। প্রথম পর্বে নিজেদের মাঠে মোহামেডানকে হারানোর স্বাদও পায় দলটি। কিন্তু ফিরতি ম্যাচে প্রথমার্ধ পর্যন্ত ম্যাচে থাকলেও দ্বিতীয়ার্ধে আর খুঁজে পাওয়া যায়নি সকারকে। এ সুবাদে প্রথমার্ধে নিষপ্রভ মোহামেডানের সামনে জয়ের রাস্তা সহজেই খুলে যায় দ্বিতীয়ার্ধে। প্রতিশোধ নেওয়ার ম্যাচে সোহাগ মোহামেডানকে এগিয়ে নেন ৪৯ মিনিটে। দূরপাল্লার শটে লক্ষ্যভেদ। এরপর ৫২ মিনিটে রজনী ২-০ করার খানিক বাদেই স্কোরলাইন ২-১ করেন সকারের পলিন। ৬৯ মিনিটে রনীর গোল নিশ্চিত করে মোহামেডানের জয়। এই জয়ে ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান পাঁচে। বাকি তিন ম্যাচ জিতে তৃতীয় হওয়ার আশায় এখন সাদা-কালোরা। সকারের পয়েন্ট ১৭ ম্যাচে ১৬। এখনো তারা অবনমন অঞ্চলেই।