সাদা পোশাক ছেড়ে ‘রঙিন’ জীবনে লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রায় পুরোটা জুড়েই লড়াই করতে হয়েছে ইনজুরির সঙ্গে। এই ৩৩ বছর বয়সে এসে আর পারছিলেন না ব্রেট লি। কয়েক দিন আগে হতাশা ঝরিয়ে বলেছিলেন, আর বুঝি কখনো বল হাতে নেওয়াই হবে না। শেষ পর্যন্ত অনেকটা সত্যি হলো চরম হতাশা থেকে বলা সেই কথাটাই। শ্বেতশুভ্র পোশাকে আর আগুন ঝরাতে দেখা যাবে না বিশ্বের দ্রুততম বোলারদের একজনকে। তবে রঙিন পোশাকে ঠিকই দেখা যাবে, ছাড়ছেন শুধু টেস্ট ক্রিকেটটাই। এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে দিতে পারেন আজই। লিকে নিয়ে আজ সকালেই সিডনি ক্রিকেট মাঠে একটি সংবাদ সম্মেলন ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছে, এখানেই আসবে চূড়ান্ত ঘোষণা।শুধু টেস্ট ছেড়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে থাকা অবশ্য নতুন কিছু নয়। ইনজুরির সঙ্গে পেরে না উঠে শেন বন্ড, অ্যান্ড্রু ফ্লিনটফরা তো এটাই করছেন। লিকে পথ দেখিয়েছেন ফ্লিনটফ। সিডনি মর্নিং হেরাল্ডের খবর, ফ্লিনটফের সঙ্গে কথা বলেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন লি। শুধু তাই নয়, ফ্লিনটফের মতো তিনিও হয়ে যেতে পারেন ফ্রি-ল্যান্স ক্রিকেটার, প্রত্যাখ্যান করতে পারেন কেন্দ্রীয় চুক্তি। ইচ্ছেমতো খেলতে যেতে পারেন বিশ্বের নানা প্রান্তে। তাঁর ম্যানেজার চাবি চ্যান্ডল্যার জানিয়েছেন, এ বছরই বিভিন্ন দেশের কমপক্ষে চারটি টি-টোয়েন্টি দলের হয়ে খেলার লোভনীয় প্রস্তাব পাবেন লি। সুদর্শন বলে ফ্লিনটফের মতো মাঠের বাইরে একটা আবেদনও আছে তাঁর। বলিউডের চলচ্চিত্র-মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, দেশে একটি ব্যান্ড দলের গিটারিস্ট তিনি। ফ্রি-ল্যান্স ক্রিকেটার হলে বিনোদন জগতের সঙ্গে যোগসূত্রটাও আরও পাকাপোক্ত করতে পারবেন।টেস্টে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি (৭৬ টেস্টে ৩১০ উই.) তিনি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টটাই হয়ে থাকছে তাঁর শেষ টেস্ট। গত বছরের অ্যাশেজের মাঝামাঝি ইনজুরিটা কাটিয়ে উঠলেও সেরা একাদশে জায়গা হয়নি। অ্যাশেজের পর সাত ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য খেলেছিলেন, খেলেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে, চ্যাম্পিয়নস লিগে শিরোপা জিতিয়েছেন নিউ সাউথ ওয়েলসকে। অক্টোবরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবার পড়েন ইনজুরিতে, ২৫ অক্টোবর সেই ম্যাচের পর আর মাঠে নামা হয়নি কোনো পর্যায়ের ক্রিকেটেই। ৪ ওভার করে বোলিং করেই দেদার টাকা কামাবেন, হয়তো বিনোদন জগতেও গড়ে উঠবে ক্যারিয়ার, শেষ পর্যন্ত সত্যিই যদি ফ্রি-ল্যান্স ক্রিকেটার হয়ে যান, ক্যারিয়ার-জুড়ে ইনজুরির সঙ্গে লড়াই করা ক্রিকেটারের জীবনটা মনে হয় তখন আর খারাপ কাটবে না! ওয়েবসাইট।