সাদা পোশাকেও দুর্দান্ত কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকারের উত্তরসূরি ভাবা হয় তাঁকে। টেস্টে প্রথমবারের মতো টেন্ডুলকারের জায়গায় ব্যাটিং করতে নেমে বিরাট কোহলি দেখালেন ভাবনাটা ভুল নয়। জোহানেসবার্গে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির পর এএফপি
টেন্ডুলকারের উত্তরসূরি ভাবা হয় তাঁকে। টেস্টে প্রথমবারের মতো টেন্ডুলকারের জায়গায় ব্যাটিং করতে নেমে বিরাট কোহলি দেখালেন ভাবনাটা ভুল নয়। জোহানেসবার্গে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির পর এএফপি

মিরপুরে ১৮৩, হোবার্টে ১৩৩*, নাগপুরে ১১৫* কিংবা জয়পুরে ১০০*। দুর্দান্ত সব ওয়ানডে ইনিংসের অভাব নেই বিরাট কোহলির। ১৭ ওয়ানডে সেঞ্চুরির ১৬টিতেই জিতিয়েছেন দলকে। তার পরও সব সময়ই ক্যারিয়ারের সেরা ইনিংস বলেন অ্যাডিলেডের ১১৬-কে। দল হেরেছিল ২৯৮ রানে, কিন্তু সেটিই ছিল কোহলির প্রথম টেস্ট সেঞ্চুরি। ওই ইনিংসটিই নাকি বদলে দিয়েছে ক্যারিয়ারের গতিপথ। সেটিই যদি হয়, তবে বদলে যাওয়া সেই পথ ধরে একবারেই অনেকটা এগিয়ে গেলেন কালকের ইনিংসে। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি!

ইনিংসটি খেললেন এমন এক সময়ে যখন সংশয়ের ঘেরাটোপে পড়ে গিয়েছিল তাঁর সামর্থ্য। ভারতের ব্যাটি লাইনআপকে ঘিরেও। ‘ফ্যাবুলাস ফোর’—টেন্ডুলকার-দাবিড়-সৌরভ-লক্ষ্মণকে ছাড়া ১৯৮৯ সালের পর প্রথম টেস্ট খেলছে ভারত। বলাবলি হচ্ছিল, প্রোটিয়া পেসে উড়ে যাবে ভারতের তরুণ ব্যাটিং লাইনআপ। সেই ভাবনার পালে জোর হাওয়া দিয়েছিল টেস্টের আগে ওয়ানডে সিরিজটিও। উপমহাদেশে দুর্বার ব্যাটিং লাইনআপকে বাউন্সি উইকেটে মনে হয়েছে একদমই নবিশ। কিন্তু ভারত উড়ে তো যায়ইনি, ৫ উইকেটে ২৫৫ রান প্রথম দিনটিকে করে তুলল তাদেরই। আর টেন্ডুলকারের চারে ব্যাটিং করতে নেমে অসাধারণ এক সেঞ্চুরিতে কোহলি জানিয়ে দিলেন, টেন্ডুলকার-উত্তর ভারতীয় ব্যাটিংয়ের সেনাপতি তিনিই।

শুরুটায় অবশ্য ছিল অনুমেয় চিত্রনাট্যেরই চিত্রায়ণ। প্রথম ভারতীয় হিসেবে অর্ধশত টেস্টে নেতৃত্ব দেওয়ার ম্যাচে টস ভাগ্যও হেসেছে মহেন্দ্র সিং ধোনির দিকে। ওয়ান্ডারার্সের উইকেটে সবুজের ছোঁয়া থাকলেও মেলেনি প্রত্যাশিত সুইং। বাউন্সটা অবশ্য ঠিকই ছিল, তাতেই নড়বড়ে দুই ভারতীয় ওপেনার। স্টেইনের বাউন্সারে দৃষ্টিকটু শটে আউট শিখর ধাওয়ান। একবার জীবন পাওয়া মুরালি বিজয়ের ৬৯ মিনিটের যুদ্ধ শেষ হয়েছে অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে।

ভারতের প্রতিরোধের শুরু এরপরই। তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন পূজারা ও কোহলি। নড়বড়ে শুরুর পর থিতু হয়ে গিয়েছিলেন চেতেশ্বর পূজারা, কিন্তু সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্যু কোহলির ডাকে প্রায় অসম্ভব এক সিঙ্গেলে সাড়া দিতে গিয়ে। ক্ষতিটা অবশ্য পুষিয়ে দিয়েছেন কোহলি। শুরুটা তাঁরও ছিল নড়বড়ে, মরনে মরকেলকে খেলতেই পারছিলেন না। তবে ভড়কে না গিয়ে ইতিবাচক ব্যাটিং করে গেছেন। খেলেছেন চোখ ধাঁধানো সব শট। ২১তম টেস্টে ৫ম সেঞ্চুরি ছুঁয়েছেন ১৪০ বলে। তাঁর কাছে এই ইনিংসের মাহাত্ম্যটা ফুটে উঠল বাঁধনহারা উদ্যাপনেই।

দুর্দান্ত ইনিংসটি শেষ হয়েছে অবশ্য বাজে এক শটে। কিন্তু ভারতের আস্থা হয়ে টিকে ছিলেন আরেক সম্ভাবনাময় তরুণ। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়ার পর মিলেছে সুযোগ। অজিঙ্কা রাহানে নিশ্চয়ই চাইবেন টেস্টের আঙিনায় দ্রুতই জমিন খুঁজে পেতে! টেন ক্রিকেট, ওয়েবসাইট।

স্কোরকার্ড

টস: ভারত

ভারত ১ম ইনিংস

                                                                                                            রান                    বল                     ৪                  ৬

বিজয় ক ডি ভিলিয়ার্স ব মরকেল                                                                         ৬                     ৪২                      ১                  ০

ধাওয়ান ক তাহির ব স্টেইন                                                                              ১৩                    ২৭                      ২                  ০

পূজারা রানআউট                                                                                         ২৫                    ৯৮                      ২                  ০

কোহলি ক ডুমিনি ব ক্যালিস                                                                           ১১৯                   ১৮১                    ১৮                  ০

রোহিত ক ডি ভিলিয়ার্স ব ফিল্যান্ডার                                                                    ১৪                     ৪২                      ১                  ০

রাহানে ব্যাটিং                                                                                             ৪৩                  ১০৫                      ৭                  ০           

ধোনি ব্যাটিং                                                                                               ১৭                    ৪৬                      ৩                  ০

অতি. (লেবা ৩, ও ১৪, নো ১)                                                                          ১৮                       

মোট (৯০ ওভারে, ৫ উইকেটে)                                                                      ২৫৫

উইকেট পতন: ১-১৭, ২-২৪, ৩-১১৩, ৪-১৫১, ৫-২১৯।

বোলিং: স্টেইন ২৩-৫-৪-৫৬-১ (ও ২), ফিল্যান্ডার ২১-২-৫৫-১, মরকেল ১৯-১০-২৭-১ (নো ১, ও ২), ক্যালিস ১৪ -৪-৩৭-১ (ও ২), তাহির ৮-০-৪৭-০, ডুমিনি ৫-০-৩০-০।