সাদাপোশাকের মাফিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ হাজার মিটার স্টিপলচেজে অংশ নেওয়ার কথা ছিল। রিওতে চলে এসেছিলেন বুলগেরিয়ার সিলভিয়া দানেকোভা। কিন্তু এখানে এসেই ডোপ পরীক্ষায় নিষিদ্ধ উপাদান ধরা পড়ায় ট্র্যাকে নামতে পারছেন না। দানেকোভা তাই বুলগেরিয়া প্রচারমাধ্যমে ক্ষোভের বিস্ফোরণই ঘটিয়েছেন, ‘ওদের সঙ্গে আমি লড়াই করতে পারব না। ওরা তো আসলে সাদাপোশাকে একদল মাফিয়া।’
সরাসরি নাম উল্লেখ না করলেও তিরটা যে বিশ্ব ডোপবিরোধী সংস্থা ওয়াডার দিকে, সেটা বোঝাই যায়। দানেকোভার দাবি, রিওতে আসার পর চারবার তাঁর পরীক্ষা হয়েছে। তিনবার কিছুই ধরা পড়েনি। তাঁর বিস্ময় এখনো যেন কাটছে না, ‘প্রথমে তো আমি হাসাহাসি করছিলাম, ভেবেছিলাম এটা একটা রসিকতা। এরপর আমার মনে হলো যেন ১৬ তলা থেকে লাফ দিই। মনে হচ্ছিল, আমি যেন পাগল হয়ে যাব। আশা করছিলাম, এটা একটা বড় ভুল। ওরা ক্ষমা চাইবে।’ রয়টার্স।