সাদারল্যান্ডের শাস্তি চায় পিসিবি
কথা খুব একটা ভুল বলেননি জেমস সাদারল্যান্ড। কিন্তু সে কথাটাই যে আঁতে ঘা লাগাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)! ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর বিরুদ্ধে তাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নালিশ জানিয়েছে পিসিবি।কী বলেছিলেন জেমস সাদারল্যান্ড? অস্ট্রেলিয়ান দৈনিক দ্য এজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ম্যাচ ফিক্সিং নিয়ে পিসিবি ২০০১ সালে বিচারপতি কাইয়ুম কমিশনের দেওয়া সুপারিশমালা বাস্তবায়ন করলে ইংল্যান্ডে গত বছর স্পট ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা ঘটত না।পিসিবি সাদারল্যান্ডের এই বক্তব্যকে বলছে ‘আপত্তিকর’। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে তারা। পাকিস্তানের দৈনিক ডন-এ ছাপা হয়েছে সেই চিঠির চুম্বক অংশ, ‘আইসিসির সদস্য দেশ হয়ে এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ একটা পদে থেকে আইসিসির অন্য এক সদস্য দেশ সম্পর্কে প্রকাশ্যে এ ধরনের বিবৃতি দেওয়া চরম আপত্তিকর। এ ব্যাপারে সাদারল্যান্ডের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আইসিসির কাছে দাবি জানাচ্ছে পিসিবি।’২০০১ সালের মে মাসে ম্যাচ পাতানো খেলা বন্ধ করতে বিচারপতি কাইয়ুম কমিশন পিসিবিকে কিছু সুপারিশ করেছিল। পিসিবির সাবেক প্রধান তৌকির জিয়ার দাবি, কমিশনের দেওয়া সুপারিশমালা তিনি শতভাগ বাস্তবায়ন করেছেন। তবে বর্তমান বোর্ড সেই ধারাবাহিকতা ধরে রেখেছে কি না, সে ব্যাপারে কিছু জানেন না তৌকির জিয়াও। ওয়েবসাইট।