সাদিয়ার ‘প্রথম’ সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে এসএ গেমসের কারণে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। তিন বছর পর এবার দিলেন। শ্যুটিং নিয়ে নানা ব্যস্ততাই নাকি সৈয়দা সাদিয়া সুলতানার শিক্ষাজীবন পিছিয়ে দিয়েছে। কিন্তু চট্টগ্রামের মেয়ে শ্যুটিংয়ে আরেক ধাপ এগোলেন। তারকা শ্যুটারদের হারিয়ে কাল বাংলাদেশ গেমসে জিতে নিলেন মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের সোনা।ঘরোয়া প্রতিযোগিতায় আগে কখনো সোনা জেতেননি সাদিয়া। এবার সেই বৃত্ত ভেঙেছেন। গুলশান শ্যুটিং রেঞ্জে কাল দেখা দিলেন আন্তর্জাতিক মানের একজন শ্যুটার হিসেবে। তাই এই জয়টা এল বেশ বড় ব্যবধানে। নিজের এমন সাফল্যে সাদিয়ার উচ্ছ্বাস, ‘অনুশীলন সেভাবে করা হয়নি। তবে নার্ভ ঠিক রেখেছিলাম। এই জয়ে ভালো করার প্রেরণা পেলাম।’ফেবারিট শারমিন আক্তার রত্না তবু দ্বিতীয় হতে পেরেছেন, জার্মানিতে প্রশিক্ষণ নিয়ে দুই দিন আগেই ফেরা ‘বড়’ শারমিন আক্তার চতুর্থ। বিকেএসপির কিশোরী আরেক শারমিন হয়েছেন তৃতীয়, যিনি অনেকটা সময় পর্যন্ত এগিয়ে ছিলেন এই প্রতিযোগিতায়। সাবরিনা সুলতানা পঞ্চম।গত জানুয়ারিতে বদলে যাওয়া ১০ মিটারের নতুন নিয়মে কালই প্রথম খেললেন বাংলাদেশের মেয়েরা। নতুন নিয়মে আগের মতো বাছাইয়ের ফল যোগ হচ্ছে না চূড়ান্ত পর্বে। বাছাইয়ে সেরা আটজনের ফাইনালে শূন্য থেকে শুরু। ফাইনালে প্রথম আট শটের স্কোরে সবার চেয়ে পিছিয়ে থাকা খেলোয়াড় বাদ। এভাবে দুই শট পর পর একজন করে বাদ। ২০ শটে সেরা শ্যুটার নির্ধারণ।ঘুমিয়ে থাকা শ্যুটিং ফেডারেশন নতুন নিয়মের কথা আগে জানায়নি খেলোয়াড়দের। তাই আগের দিন নিজের নিশ্চিত সোনা হাতছাড়া করেছেন পিস্তলের আরমিন আশা। কাল অবশ্য সে রকম হয়নি। এ প্রসঙ্গে শারমিন রত্না বললেন, ‘মনে হচ্ছে, নতুন নিয়মটা আন্ডারডগদের ভালো সুযোগই দেবে।’শারমিন রত্না বাছাইয়ে করেছিলেন সর্বোচ্চ ৩৯১, সাদিয়া ৩৮৮। রুদ্ধশ্বাস উত্তেজনার পর ফাইনালে সাদিয়ার স্কোর ২০৭.১, শারমিন রত্নার ২০১.৮, শারমিনের ১৮০।কাল ছেলেদের ৫০ মিটার থ্রি পজিশনের সোনা জিতেছেন আবদুল্লাহ হেল বাকি।