সাধারণ সভা করল হকি ফেডারেশন
ক্রীড়া ফেডারেশনগুলোতে এক-দুই বছর পর পরই সাধারণ সভা হওয়ার কথা। কিন্তু নিয়মটা কেউই সেভাবে মানে না। হকি ফেডারেশন কাল সাধারণ সভা করল কিনা বছর দশেক পর! মোট কাউন্সিলর ৭০ জন। এসেছেন মাত্র ৩৫! যদিও বিমানবাহিনীর ফ্যালকন হলে সভা শুরুর অগেই প্রশ্ন ওঠে, বর্তমান অ্যাডহক কমিটি সাধারণ সভা করার ক্ষমতা রাখে কি না। ফেডারেশনের সভাপতি বিমানবাহিনীর প্রধান বিষয়টা সামলে নেন। তাঁর অনুরোধে শুরু হয় সাধারণ সভা। কিছু বিষয় নিয়ে মতভেদ ছিল এই সভায়। সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ যে রিপোর্টটি পড়েছেন, নিয়ম অনুযায়ী সেটি আগেই প্রতিনিধিদের কাছে না পাঠানোয় অনেকেই ক্ষুব্ধ ছিলেন। গঠনতন্ত্র সংশোধনের বিষয়টা তো সাধারণ সভায় উপস্থাপনই করা যায়নি। গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে এর আগে হকি ফেডারেশনের নির্বাহী কমিটিতে যেসব বিষয় অনুমোদন হয়েছিল, কাউন্সিলরদের কাছে পাঠানো রিপোর্টের সঙ্গে কিছু অমিল ছিল। তাই প্রশ্ন ওঠায় গঠনতন্ত্র সংশোধনের বিষটি ফেডারেশনের সভায় আরও পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত হয়েছে। এই সভার বড় প্রাপ্তি, এপ্রিল বাংলাদেশ গেমস শেষে হকির নির্বাচন অনুষ্ঠানে মতৈক্য হয়েছে। ফেডারেশনের কাউন্সিল শেষ। এখন নির্বাচনের তারিখ দেবে জাতীয় ক্রীড়া পরিষদ।