সাধারণ সম্পাদক ছাড়াই চলছে অ্যাথলেটিকস
বাংলাদেশের অ্যাথলেটিকস তার ঔজ্জ্বল্য হারিয়েছে অনেক আগেই। এখন রীতিমতো ধুঁকছে। আর ধুঁকবে নাই-বা কেন? এই ফেডারেশনের কর্মকর্তারা মোটেই দায়িত্বসচেতন নন। এখন তো ফেডারেশনটি সাধারণ সম্পাদকবিহীন।
গত আগস্ট মাসে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মস্কো গিয়েছিলেন স্প্রিন্টার মেজবাহ উদ্দিন। তাঁর সফরসঙ্গী হিসেবে বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনের কংগ্রেসে যোগ দিতে রাশিয়ায় যান ফেডারেশন সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস। দেশে ফিরেই কানাডা চলে যান তিনি। তিন মাস পেরিয়ে গেলেও এখনো ফেরেননি চেঙ্গিস। তাঁর অবর্তমানে ফেডারেশনের দায়িত্ব পালন করার কথা ছিল যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেনের। তিনি বর্তমানে হজ পালন করতে সৌদি আরবে। তাই কোষাধ্যক্ষ মিজানুর রহমানকেই সব দিক সামলাতে হচ্ছে। কাল তিনি বললেন, ‘চেঙ্গিস ভাই ছুটি নিয়ে গেছেন। আমার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন।’ তাঁর অবর্তমানে কোনো জরুরি সিদ্ধান্ত নিতে হলে নিশ্চয়ই সমস্যায় পড়তে হচ্ছে? মিজানুরের উত্তর, ‘এ মুহূর্তে তেমন কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু নেই। তবে কমনওয়েলথ গেমসের জন্য চারজন অ্যাথলেটের নামের তালিকা আমরা স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে বিওএতে পাঠিয়েছি। অন্য কোনো জরুরি সিদ্ধান্ত থাকলে ইসি কমিটির সভায় পাস করিয়ে নিই।’
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ইব্রাহিম চেঙ্গিস। ক্রীড়াঙ্গনে গুঞ্জন, রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে দেশে ফেরার সম্ভাবনা তাঁর কমই। এ ব্যাপারে মিজানুর রহমান বললেন, ‘কারও মনের কথা তো আমি বলতে পারি না। তবে তিনি হয়তো ফিরে আসতে পারেন।’